Recent event

সোম অথবা মঙ্গলবার নবনির্বাচিত এমপি ও নতুন মন্ত্রিসভার শপথ

জাতীয় সংসদ ভবন
জাতীয় সংসদ ভবন | ছবি: এখন টিভি
0

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিত এমপি ও নতুন মন্ত্রিসভার শপথের সম্ভাব্য সময় নির্ধারিত হয়েছে। জানা গেছে, আগামী সোমবার (১৬ ফেব্রুয়ারি) অথবা পরদিন মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) নতুন সরকারের শপথ অনুষ্ঠিত হবে।

আজ (শনিবার, ১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার কার্যালয়, আইন মন্ত্রণালয়, বঙ্গভবন ও সরকার গঠন করতে যাওয়া বিএনপির একাধিক সূত্র থেকে সোম ও মঙ্গলবার—দুদিনের তথ্য জানানো হয়েছে।

বঙ্গভবনের একটি সূত্র জানিয়েছে, সোমবার সকালে সংসদ ভবনে সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠিত হতে পারে। নবনির্বাচিত এমপিদের শপথ পড়াবেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন। এদিন বিকেলে নতুন মন্ত্রিপরিষদের শপথ অনুষ্ঠিত হতে পারে। বঙ্গভবনে শপথ পড়াবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

তবে জাতীয় সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলা আজ সন্ধ্যায় এখন টিভিকে বলেন, ‘আপাতত ১৭ তারিখ শপথ অনুষ্ঠানের প্রস্তুতি নেয়া হচ্ছে। তবে কে পড়াবেন এখনও ঠিক হয়নি।

আরও পড়ুন:

গত ১২ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০টি আসনের মধ্যে ২৯৯টিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। পরদিন গতকাল ২৯৭ আসনের বেসরকারি ফলাফল ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)। উচ্চ আদালতের নির্দেশনা থাকায় চট্টগ্রাম–২ ও ৪ আসনের ফলাফলের গেজেট এখন জারি করা হয়নি।

নির্বাচনে ২৯৭ আসনের মধ্যে বিএনপি ২০৯টিতে জয় পেয়েছে। ফল ঘোষণা স্থগিত থাকা দুটি আসনেও বিএনপির প্রার্থীরা এগিয়ে আছেন। বিএনপির শরিকেরা পেয়েছে তিনটি আসন। অন্যদিকে জামায়াতে ইসলামী পেয়েছে ৬৮টি আসন। জামায়াতের নেতৃত্বাধীন ১১–দলীয় নির্বাচনি ঐক্যের অন্য শরিকেরা পেয়েছে ৯টি আসন।

এছাড়া অন্যান্য ও স্বতন্ত্র প্রার্থীরা জয়ী হয়েছেন ৮টি আসনে। গতকাল রাতে ২৯৭ আসনের গেজেট ঘোষণা করে নির্বাচন কমিশন।

কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ জানান, বেসরকারি ফলাফল যাচাই-বাছাই শেষে নির্বাচিত সংসদ সদস্যদের নাম ও পরিচয় সম্বলিত অফিসিয়াল গেজেট প্রকাশ। গেজেট প্রকাশের তিন দিনের মধ্যে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে।

এসএইচ