রাশিয়া-ইউক্রেন যুদ্ধে যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ইউক্রেনের জন্য একটি বড় ফ্যাক্টর হতে পারে- এমনটা অনেকদিন ধরেই দাবি করে আসছিলেন প্রেসিডেন্ট জেলেনস্কি। কেননা রাশিয়ার আধুনিক ব্যালিস্টিক ও হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করার ক্ষমতা একমাত্র এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থারই রয়েছে।
সম্প্রতি সিএনএন-কে দেয়া এক সাক্ষাৎকারে আবারও এমন দাবি পুনর্ব্যক্ত করেছেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট। জানান, মার্কিন প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্রের ১০ শতাংশ কিয়েভের কাছে বিক্রি করা হলে রাশিয়ার সব ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ধ্বংস করবে ইউক্রেন।
পরে রাষ্ট্রীয় টেলিভিশনে দেয়া এক ভাষণে ভলোদিমির জেলেনস্কি রাশিয়ার সঙ্গে প্রায় চার বছর ধরে চলা যুদ্ধ অবসানের একটি পরিকল্পনা মার্কিন আলোচকদের কাছে পেশ করার কথা জানান। সেখানে ইউক্রেনের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা উন্নত করতে যুক্তরাষ্ট্রের কাছে সহায়তাও চান তিনি।
আরও পড়ুন:
ভলোদিমির জেলেনস্কি বলেন, ‘আমরা যুক্তরাষ্ট্রকে আমাদের প্রস্তাবগুলো জানিয়েছি। যুক্তরাষ্ট্র আমাদের প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করতে সাহায্য করতে পারে। বিমান প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে রাশিয়ার ওপর চাপ সৃষ্টি করতে পারলে, তারা যুদ্ধ শেষ করতে বাধ্য হবে।’
এর মধ্যে দু’দেশের পাল্টাপাল্টি হামলা অব্যাহত রয়েছে। এসব হামলায় হতাহতের খবর মিলেছে। রাশিয়ার তাতারস্তানে ইউক্রেনীয় ড্রোন হামলায় শিশুসহ প্রায় বেশ কয়েকজন নিহতের খবর পাওয়া গেছে। আহত হয়েছেন অন্তত অর্ধশত।
অন্যদিকে বৃহস্পতিবার ইউক্রেনজুড়ে রুশ বাহিনীর চালানো তীব্র ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ব্যাপক হতাহত ও ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। এর মধ্যে দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শিল্পনগরী জাপোরিঝঝিয়াতেও হামলা হয়েছে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া কিছু ভিডিও ও ছবিতে আকাশে ধোঁয়া ও আগুনের বিশাল কুণ্ডলী দেখা গেছে।





