ইউরোপের সবচেয়ে সক্রিয় আগ্নেয়গিরির তাণ্ডবে বাতিল শত শত ফ্লাইট

এটনার ছাইয়ে কাতানিয়া বিমানবন্দরে দীর্ঘস্থায়ী বন্ধ
এটনার ছাইয়ে কাতানিয়া বিমানবন্দরে দীর্ঘস্থায়ী বন্ধ | ছবি: রয়টার্স
0

মাউন্ট এতনার চলমান অগ্ন্যুৎপাত থেকে ছড়ানো ছাইয়ের কারণে সিসিলির কাতানিয়া বিমানবন্দরে ফ্লাইট চলাচল আগামী শুক্রবার ভোর পর্যন্ত স্থগিত থাকবে। এতে গত এক সপ্তাহে শত শত ফ্লাইট বাতিল কিংবা অন্য পথে ঘোরানো হয়েছে। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

বিমানবন্দরের পরিচালনাকারী প্রতিষ্ঠান এসএসি বুধবার রাতে দেয়া এক বিবৃতিতে জানিয়েছে, যাত্রী চলাচলের হিসাবে ইতালির পঞ্চম ব্যস্ততম এই বিমানবন্দরের সব আগমন ও প্রস্থান ফ্লাইট আগামী ১৪ আগস্ট স্থানীয় সময় রাত ২টা পর্যন্ত বন্ধ থাকবে। যাত্রীদের বিমানবন্দরে যাওয়ার আগে সংশ্লিষ্ট এয়ারলাইনসের সঙ্গে যোগাযোগ করে ফ্লাইটের সর্বশেষ অবস্থা জেনে নেয়ার পরামর্শ দেয়া হয়েছে।

গ্রীষ্মকালীন ছুটির মধ্যেই দীর্ঘ সময়ের এই বিধিনিষেধে হাজার হাজার যাত্রী দুর্ভোগে পড়েছেন। সিসিলির অন্যান্য বিমানবন্দরের ওপরও তৈরি হয়েছে বাড়তি চাপ। ইউরোপের সর্বোচ্চ ও সবচেয়ে সক্রিয় আগ্নেয়গিরি মাউন্ট এতনা প্রায়ই কাতানিয়া বিমানবন্দরের কার্যক্রম ব্যাহত করে থাকে। উল্লেখ্য, বিমানবন্দরটির পরিচালক গত মে মাসে অন্তত ৫১ শতাংশ শেয়ার বিক্রির প্রক্রিয়া শুরু করেছে।

ইতালিয়ান ভলকানোলজিক্যাল অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট মার্কো ভিক্কারো জানিয়েছেন, গত ৬ আগস্ট থেকে শুরু হওয়া এতনার এবারের অগ্ন্যুৎপাত আগের যেকোনো বারের চেয়ে বেশি শক্তিশালী এবং এখনো ধারাবাহিকভাবে চলছে। তিনি বলেন, ‘এটি ইঙ্গিত দিচ্ছে যে গভীরের গ্যাস-সমৃদ্ধ ম্যাগমা বেশি সক্রিয় ভূমিকা রাখছে, যার ফলে খণ্ডীকরণ প্রক্রিয়া আরও কার্যকরভাবে ঘটছে এবং বেশি পরিমাণে ছাই তৈরি হচ্ছে। এই ছাই কাতানিয়া বিমানবন্দরে আসা-যাওয়া করা বিমান চলাচলে মারাত্মকভাবে ব্যাঘাত ঘটাচ্ছে।’

এএম