খাইবার পাখতুনখোয়ায় ইমরান সমর্থকদের ওপর পুলিশের গুলি; নিহত ১, আহত ডজনখানেক

পিটিআই সমর্থকদের ধর্মঘট
পিটিআই সমর্থকদের ধর্মঘট | ছবি: সংগৃহীত
0

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সমর্থকদের ওপর পুলিশের রক্তক্ষয়ী অভিযানে অন্তত একজন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। দেশটির প্রধান বিরোধী দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) এ তথ্য জানিয়েছে। এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

দলীয় প্রধান ইমরান খানের মুক্তি এবং চরম অর্থনৈতিক সংকটের প্রতিবাদে পিটিআইয়ের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত খাইবার পাখতুনখোয়ায় বিক্ষোভ চলছিল। চলতি সপ্তাহের শুরুতে প্রদেশটিতে জরুরি অবস্থা ও গভর্নর শাসন জারি করার পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। এর ফলে প্রদেশের মুখ্যমন্ত্রী ও পিটিআই নেতা সোহেল আফ্রিদি কার্যত ক্ষমতাহীন হয়ে পড়েন। পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের ক্ষমতা সুসংহত করার পথে খাইবার পাখতুনখোয়াকে শেষ বাধা হিসেবে বিবেচনা করা হচ্ছিল।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিওচিত্রে দেখা যায়, রাস্তায় পুলিশ সদস্যরা বিক্ষোভকারীদের ধাওয়া করছে এবং ব্যাপক গুলির শব্দ শোনা যাচ্ছে। পিটিআইয়ের এক স্থানীয় নেতা বার্তা সংস্থা এএফপিকে জানান, একটি সমাবেশে পুলিশ 'সরাসরি জনতার ওপর গুলি চালিয়েছে'। তবে পুলিশের এক গোয়েন্দা কর্মকর্তা দাবি করেছেন, বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে তারা কেবল 'সতর্কতামূলক ফাঁকা গুলি' ছুড়েছে। অন্যান্য ভিডিওতে পুলিশকে লাঠি দিয়ে বিক্ষোভকারীদের বেধড়ক পেটাতে দেখা যায়।

স্থানীয় গণমাধ্যম ও পুলিশের তথ্য অনুযায়ী, মঙ্গলবার প্রদেশটিতে গভর্নর শাসনের বিরুদ্ধে বিক্ষোভ সহিংসতায় রূপ নেয়। বিক্ষোভকারীরা বারাবাজার এলাকায় ন্যাশনাল ডাটাবেজ অ্যান্ড রেজিস্ট্রেশন অথরিটির (নাদারা) একটি দপ্তরে আগুন ধরিয়ে দেয় এবং ১৫ জন পুলিশ সদস্যকে জিম্মি করে বলে অভিযোগ ওঠে।

পিটিআই দলীয় আইনপ্রণেতা ইকবাল আফ্রিদি দাবি করেছেন, এই সহিংসতায় দলের ১১ জন কর্মী আহত এবং একজন নিহত হয়েছেন। খাইবার জেলা পুলিশ কর্মকর্তা ওয়াকার আহমেদ জানান, মঙ্গলবার বিকেলে গভর্নর শাসনের বিরোধিতায় শত শত পিটিআই সমর্থক প্রথমে বারাবাজারে জড়ো হন। পুলিশ কাঁদানে গ্যাস ও তাজা গুলি ছুড়লে জনতা সাময়িকভাবে ছত্রভঙ্গ হয়। প্রায় দেড় ঘণ্টা পর প্রাদেশিক আইনপ্রণেতা আবদুল গনির নেতৃত্বে আরেকটি বড় মিছিল বের হলে পরিস্থিতি আবার সংঘাতপূর্ণ হয়ে ওঠে।

পুলিশের অভিযোগ, বিক্ষোভকারীরা সরকারি সম্পত্তি ও ট্রাফিক সিগন্যালে আগুন দেয় এবং তহশিল পৌর কার্যালয়ের ভেতরে ১৫ পুলিশ সদস্যকে অবরুদ্ধ করে তাদের অস্ত্র ও পোশাক কেড়ে নেয়। পাকিস্তানি দৈনিক ডন জানিয়েছে, অস্থিরতা সৃষ্টির অভিযোগে পুলিশ অন্তত ৫০ জনকে গ্রেপ্তার করেছে। পেশোয়ারের হায়াতাবাদ মেডিকেল কমপ্লেক্সের এক চিকিৎসক জানান, চারজন পুলিশ সদস্যসহ এক ডজনের বেশি আহত ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

২০২৩ সালের আগস্ট থেকে কারাগারে বন্দী রয়েছেন ইমরান খান। দুর্নীতি থেকে শুরু করে রাষ্ট্রদ্রোহসহ বহু মামলার মুখোমুখি তিনি। তবে ইমরান খান ও তার আইনি দলের দাবি, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবেই তার জনপ্রিয়তা কমাতে এসব ভিত্তিহীন মামলা দায়ের করা হয়েছে।

এএম