নারায়ণগঞ্জে সাহেব আলী হত্যা মামলার আসামি সাব্বির গ্রেপ্তার

আসামি সাব্বির
আসামি সাব্বির | ছবি: সংগৃহীত
0

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সন্ত্রাসী সাহেব আলী হত্যা মামলার এজাহারনামীয় ৩ নম্বর আসামি সব্বিরকে (২৮) গ্রেপ্তার করেছে এসআরবি-১১-এর একটি বিশেষ আভিযানিক দল। গতকাল (মঙ্গলবার, ১৩ অক্টোবর) রাত ১১টার দিকে সিদ্ধিরগঞ্জের আটি ওয়াবদা কলোনি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

আজ (বুধবার, ১৪ অক্টোবর) বিকেলে এসআরবি-১১ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞাপ্তিতে এই তথ্য জানানো হয়। সে সিদ্ধিরগঞ্জের আটি ওয়াবদা কলোনি এলাকার শাহাবুদ্দিনের ছেলে।

এদিকে ১২ অক্টোবর বিকেলে সিদ্ধিরগঞ্জের আটি ওয়াবদা কলোনি এলাকায় প্রকাশ্য দিবালোকে গোলাগুলির ঘটনা ঘটে। অভ্যন্তরীণ কোন্দল ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের সশস্ত্র সন্ত্রাসীরা আটি এলাকার তালিকাভুক্ত সন্ত্রাসী সাহেব আলীকে (৪০) লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়ে।

গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত সাহেব আলী সড়কের পাশের একটি খালে পড়ে গেলে হামলাকারীরা সেখানেও তাকে লক্ষ্য করে একাধিক রাউন্ড গুলি চালিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এদিকে মঙ্গলবার রাতে নিহত সাহেব আলীর স্ত্রী কল্পনা বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

হত্যাকাণ্ডের পর আসামিরা এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যায়। এ অবস্থায় গোয়েন্দা তথ্য সংগ্রহ ও সিসিটিভি ফুটেজ পর্যালোচনার মাধ্যমে আসামিদের অবস্থান শনাক্ত করে এসআরবি-১১।

পরে গ্রেপ্তারকৃত আসামিকে সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যান্য পলাতক আসামিদের গ্রেপ্তারের এসআরবি-১১-এর অভিযান অব্যাহত রয়েছে।

জেআর