হরমুজ প্রণালি ব্যবস্থাপনায় আঞ্চলিক পরিকল্পনা প্রস্তাব ওমানের

হরমুজ প্রণালিতে চলাচল করছে জাহাজ
হরমুজ প্রণালিতে চলাচল করছে জাহাজ | ছবি: সংগৃহীত
0

হরমুজ প্রণালির ব্যবস্থাপনায় স্বেচ্ছাসেবামূলক ফি-এর বিনিময়ে একটি যৌথ আঞ্চলিক ব্যবস্থার প্রস্তাব ইরানকে দিয়েছে ওমান। আজ (মঙ্গলবার, ২৮ জুলাই) উপসাগরীয় অঞ্চলের এক সূত্র রয়টার্সকে এ তথ্য জানিয়েছে।

সূত্রটি আরও জানায়, ওমানের এই প্রস্তাবের প্রতি আঞ্চলিক সমর্থন রয়েছে। প্রস্তাবটি বাস্তবায়িত হলে অতি গুরুত্বপূর্ণ এই জলপথের ওপর একচ্ছত্র নিয়ন্ত্রণ থাকবে না ইরানের।

এই প্রস্তাবটি মূলত মালাক্কা প্রণালির আদলে তৈরি করা হয়েছে। মালাক্কা প্রণালিতে ব্যবহারকারীরা স্বেচ্ছায় ফি দিয়ে নেভিগেশন, পরিবেশ সুরক্ষা এবং অনুসন্ধান ও উদ্ধার তৎপরতার জন্য অর্থায়ন করে থাকেন।

গত সপ্তাহে যুক্তরাষ্ট্র হঠাৎ করে ইরানের বিরুদ্ধে বিমান হামলা স্থগিত করে। এতে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল পুনরায় শুরু করার জন্য কূটনৈতিক সমাধানের আশা জেগেছে। সংঘাত শুরুর আগে এই প্রণালি দিয়েই বিশ্বের মোট জ্বালানি সরবরাহের এক-পঞ্চমাংশ পরিবাহিত হতো।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল (সোমবার, ২৬ জুলাই) জানান, ইরানের সঙ্গে তাদের ‘ভালো আলোচনা’ চলছে এবং একটি চুক্তির সম্ভাবনা রয়েছে। তবে আলোচনা ব্যর্থ হলে আবারও যুক্তরাষ্ট্রের হামলা শুরু হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

গতকাল (সোমবার, ২৬ জুলাই) ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি ওমান ও সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে হরমুজ প্রণালি নিয়ে আলোচনা করেছেন। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি অনুযায়ী, আঞ্চলিক স্থিতিশীলতা প্রতিষ্ঠায় সহযোগিতা জোরদার ও যৌথ কূটনৈতিক প্রচেষ্টা এগিয়ে নেয়ার ওপর জোর দিয়েছেন আরাঘচি। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের আগ্রাসী পদক্ষেপের কারণে হরমুজ প্রণালিতে যে নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে, তা দূর করার আহ্বান জানিয়েছেন তিনি।

এএম