কুয়েত ও বাহরাইনে ৮টি মার্কিন সামরিক স্থাপনা ধ্বংসের দাবি ইরানের

তেহরানের একটি সড়কে যানবাহন চলাচল করছে
তেহরানের একটি সড়কে যানবাহন চলাচল করছে | ছবি: রয়টার্স
0

ইরানের ওপর মার্কিন হামলার প্রতিশোধ হিসেবে কুয়েত ও বাহরাইনে অবস্থিত যুক্তরাষ্ট্রের ৮টি সামরিক স্থাপনা ধ্বংস করার দাবি করেছে দেশটির রেভল্যুশনারি গার্ড (আইআরজিসি)। গত রোববার ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আইআরআইবি এই তথ্য জানিয়েছে। টিআরটি ওয়ার্ল্ড নিউজের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

আইআরজিসি এক বিবৃতিতে জানায়, তাদের নৌ ও মহাকাশ বাহিনী যৌথভাবে কুয়েতের আলী আল সালেম বিমান ঘাঁটি এবং বাহরাইনে মার্কিন পঞ্চম ফ্লিটের সঙ্গে সংশ্লিষ্ট ৮টি সামরিক অবকাঠামো লক্ষ্য করে রাতভর এই অভিযান চালায়। হামলায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করা হয়েছে। ইরানের সিরিক ও কেশম দ্বীপে সাম্প্রতিক মার্কিন হামলার বদলা হিসেবেই এই পদক্ষেপ নেয়া হয়েছে বলে জানানো হয়েছে।

২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পর পাকিস্তান-মধ্যস্থতায় একটি সমঝোতা স্মারক সই হওয়া সত্ত্বেও পারস্য উপসাগরে এই উত্তেজনা পরিস্থিতিকে আরও ঘোরালো করে তুলেছে। এদিকে এই সামরিক সংঘাতের জেরে এক কাতারি নাগরিক নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, উপকূল ও সীমান্ত নিরাপত্তা বাহিনীর নিয়মিত টহল চলাকালে দেখা যায় একটি নির্দিষ্ট সময়ে বন্দরে ফিরে আসেনি। পরে শনিবার সন্ধ্যা থেকে শুরু হওয়া তল্লাশি অভিযানের পর রোববার ভোরে জাহাজটির সন্ধান মেলে। ওই জাহাজে দুজন আরোহী ছিলেন। তদন্তে দেখা গেছে, ওই এলাকায় চলা ‘সামরিক অভিযানের’ গোলার আঘাতে (শ্রেপনাল) এক কাতারি নাগরিক নিহত হয়েছেন এবং অন্য একজন আহত হয়েছেন।

এএম