ব্রাজিল দলে ‘মেসিকে সই করানোর’ রসিকতা করলেন প্রেসিডেন্ট লুলা

ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা
ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা | ছবি: সংগৃহীত
0

ব্রাজিলের বিশ্বকাপ পারফরম্যান্স নিয়ে প্রশ্ন করা হলে মজার ছলে আর্জেন্টিনার তারকা ফুটবলার লিওনেল মেসিকে দেশটির জাতীয় দলে নেয়ার প্রস্তাব দেয়ার কথা বলেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। গতকাল (বুধবার, ১৭ জুন) সাংবাদিকদের তিনি এই মন্তব্য করেন। রেডিও ফ্রান্স ইন্টারন্যাশনাল প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল তাদের উদ্বোধনী ম্যাচে মরক্কোর বিপক্ষে ১-১ গোলে ড্র করে। এই ম্যাচে তাদের খেলায় বেশ কিছু দুর্বলতা ধরা পড়ে। অন্যদিকে, ব্রাজিলের চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা দাপুটে শুরু করেছে। গত মঙ্গলবার আলজেরিয়ার বিপক্ষে মেসি একাই তিনটি গোল করেছেন।

বিশ্বকাপে নিজ দলের পারফরম্যান্স নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে হেসে লুলা বলেন, ‘আমি ভাবছিলাম ব্রাজিলের হয়ে খেলার জন্য মেসিকে সই করাব।’ তবে তিনি মনে করেন, মরক্কোর সঙ্গে ড্র করাটা খুব বড় কোনো ব্যাপার নয়। তার মতে, গ্রুপ পর্বে মরক্কোই ব্রাজিলের সবচেয়ে শক্তিশালী প্রতিপক্ষ। তিনি আরও বলেন, ‘লোকে বলে যখনই ব্রাজিলকে নিয়ে সবচেয়ে বেশি সন্দেহ থাকে, তখনই তারা বিশ্বকাপ জেতে দেখা যাক।’

শুক্রবার হাইতির মুখোমুখি হবে ব্রাজিল। সবার নজর এখন ৩৪ বছর বয়সী নেইমারের দিকে। চোট ও ফর্মহীনতার কারণে প্রায় তিন বছর জাতীয় দলের বাইরে থাকার পর তাকে বিশ্বকাপ দলে নেয়া হয়েছে। গত মাসে পায়ের পেশির চোটের পর বুধবার দলের সঙ্গে প্রথম অনুশীলনে অংশ নেন ব্রাজিলের সর্বোচ্চ গোলদাতা নেইমার।

অনুশীলনে যোগ দিয়ে সাংবাদিকদের উদ্দেশে হেসে তিনি বলেন, ‘আমাকে মিস করেছ?’ তবে প্রতিযোগিতায় তিনি কবে প্রথম মাঠে নামবেন, তা এখনো নিশ্চিত নয়।

এএম