ওয়াশিংটন পথ বদলালে আলোচনায় ফিরতে রাজি তেহরান

ধ্বংস হওয়া ভবনের সামনে ইরানি পতাকা
ধ্বংস হওয়া ভবনের সামনে ইরানি পতাকা | ছবি: সংগৃহীত
0

যুক্তরাষ্ট্র যদি তাদের ‘অতিরিক্ত খবরদারি এবং হুমকিমূলক ভাষা’ বন্ধ করে, তবেই তেহরান পুনরায় আলোচনার টেবিলে ফিরতে রাজি আছে বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। গতকাল (শুক্রবার, ১ মে) ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম প্রেস টিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। আনাদুলু প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

তুরস্ক, কাতার, সৌদি আরব, মিসর, ইরাক ও আজারবাইজানের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে চলমান ভঙ্গুর কূটনৈতিক পরিস্থিতি নিয়ে আলাপকালে আরাঘচি এ মন্তব্য করেন। তিনি স্পষ্ট করে বলেন, ইরান এ যুদ্ধ শুরু করেনি এবং যেকোনো নতুন সামরিক হুমকি মোকাবিলায় দেশটির সশস্ত্র বাহিনী পূর্ণ প্রস্তুত রয়েছে।

তিনি আরও উল্লেখ করেন, ওয়াশিংটনের পূর্ববর্তী প্রতিশ্রুতি ভঙ্গের রেকর্ডের কারণে তেহরানের মধ্যে গভীর সংশয় থাকলেও তারা সদিচ্ছা নিয়েই পাকিস্তানের মধ্যস্থতায় সমাধান খোঁজার চেষ্টা করছে।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলা শুরু হওয়ার পর থেকে মধ্যপ্রাচ্যে চরম অস্থিরতা বিরাজ করছে। এর প্রতিবাদে ইরান হরমুজ প্রণালি বন্ধ করে দিলে বিশ্ববাজারে তেলের সরবরাহ ব্যাহত হয়।

পরে পাকিস্তানের মধ্যস্থতায় গত ৮ এপ্রিল একটি সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা করা হয় এবং ১১-১২ এপ্রিল ইসলামাবাদে দুই দেশের সরাসরি বৈঠক হয়। বৈঠক থেকে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত না আসলেও পাকিস্তানের অনুরোধে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেই যুদ্ধবিরতির মেয়াদ অনির্দিষ্টকালের জন্য বাড়ান।

ইরানের সরকারি বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, যুদ্ধ বন্ধের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে পুনরায় আলোচনা শুরু করতে গত বৃহস্পতিবার পাকিস্তানের কাছে একটি নতুন প্রস্তাব জমা দিয়েছে তেহরান।

এএম