ইসরাইলের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম কান জানিয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেহরানের জন্য যে সময়সীমা নির্ধারণ করেছিলেন, তা আগামী কয়েক দিনের মধ্যে শেষ হতে যাচ্ছে বলে তেল আবিবকে জানিয়েছে যুক্তরাষ্ট্র। ট্রাম্প মূলত অনির্দিষ্টকাল আলোচনার চেয়ে তেহরানের সঙ্গে একটি দ্রুত ও সুনির্দিষ্ট সমঝোতায় পৌঁছাতে চাইছেন।
তবে ইসরাইলি সূত্রগুলো মনে করছে, চলতি সপ্তাহের মধ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের আলোচনায় বড় কোনো অগ্রগতির সম্ভাবনা কম। তারা মার্কিন প্রশাসনের বর্তমান তৎপরতাকে কিছুটা ‘বিভ্রান্তিকর’ বলেও বর্ণনা করেছে।
আরও পড়ুন:
অন্যদিকে, হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট জানিয়েছেন, ইরানের পক্ষ থেকে কোনো প্রস্তাব পাওয়ার জন্য প্রেসিডেন্ট ট্রাম্প সুনির্দিষ্ট কোনো সময়সীমা (টাইমলাইন) নির্ধারণ করেননি। তিনি সাংবাদিকদের বলেন, ‘প্রেসিডেন্ট যুদ্ধবিরতির মেয়াদ বাড়িয়েছেন কারণ ইরানকেই এখন সিদ্ধান্ত নিতে হবে তারা কী করতে চায়।’
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া যুদ্ধের পর পাকিস্তানের মধ্যস্থতায় দুই সপ্তাহের এই সাময়িক যুদ্ধবিরতি চলছে। আগামী রোববারের মধ্যে কোনো চূড়ান্ত সমঝোতায় পৌঁছাতে না পারলে মধ্যপ্রাচ্যে আবারও সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কা করছেন বিশ্লেষকরা।





