দক্ষিণ-পশ্চিম ইরানে টানটান এই উদ্ধার অভিযান চলে ৩৬ ঘণ্টা। সেখানে যুক্তরাষ্ট্রের বাহিনী এবং ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কোর নিখোঁজ মার্কিন কর্মকর্তার কাছে পৌঁছানোর চেষ্টা করছিল। সবশেষ উদ্ধারের মধ্য দিয়ে যুদ্ধবিমানের দুই ক্রু সদস্যই উদ্ধার হলেন।
এক মার্কিন কর্মকর্তা বলেন, ‘ব্যাপক আকাশ সহায়তায় অভিজাত কমান্ডো দলের এই অভিযান পরিচালিত হয়। এতে অংশ নেয়া সব মার্কিন সদস্য ইরান ছেড়ে গেছেন।’
দুই সূত্র জানায়, বিমান থেকে বেরিয়ে আসার পর পাইলট ও উইপন সিস্টেম অফিসার পরস্পরের সঙ্গে যোগাযোগ করতে পেরেছিলেন। বিমান ভূপাতিত হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই পাইলটকে উদ্ধার করা হয়। তবে দ্বিতীয় ক্রু সদস্যকে এক দিন পরের বেশি সময় পরে খুঁজে বের করে উদ্ধার করা হয়।অনুসন্ধান ও উদ্ধার অভিযানের অংশ হিসেবে শুক্রবার ও শনিবার ইরানের ভেতরে মার্কিন বিশেষ বাহিনী মোতায়েন করা হয়।
শনিবার দ্বিতীয় ক্রু সদস্যের অবস্থান শনাক্ত হওয়ার পর তাকে উদ্ধার করতে অভিযান শুরু করে মার্কিন বাহিনী। এ সময় ইরানের বিপ্লবী গার্ড কোরের ইউনিটও ওই এলাকায় অগ্রসর হচ্ছিল, যাতে অভিযানটি ঠেকানো যায় বলে মনে করা হচ্ছে। সূত্রগুলো জানায়, ওই স্থানে পৌঁছানো ঠেকাতে মার্কিন বিমানবাহিনী ইরানি বাহিনীর ওপর হামলা চালায়।
আরও পড়ুন:
দ্য নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, উইপন সিস্টেম অফিসার উদ্ধার হওয়ার পর কমান্ডো ও বিমানসেনাদের সরিয়ে নিতে পাঠানো দুটি পরিবহন বিমান ইরানের প্রত্যন্ত একটি ঘাঁটিতে আটকা পড়ে।
এরপর কমান্ডাররা সবাইকে বের করে আনতে তিনটি বিকল্প বিমান পাঠান এবং ইরানের হাতে পড়া ঠেকাতে অচল হয়ে পড়া বিমানগুলো ধ্বংস করে দেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার প্রশাসনের জ্যেষ্ঠ সদস্যরা হোয়াইট হাউসের সিচুয়েশন রুম থেকে এ অভিযান পর্যবেক্ষণ করেন।
গত শুক্রবার পাইলটকে উদ্ধারের অভিযানের সময় ইরানি হামলায় একটি মার্কিন ব্ল্যাক হক হেলিকপ্টার ক্ষতিগ্রস্ত হয়। হেলিকপ্টারে থাকা কয়েকজন আহত হলেও সেটি উড়তে সক্ষম ছিল।





