তিন দেশে ইরানের হামলা, আইআরজিসি দপ্তরে ইসরাইলি আঘাত

ইরানের হামলা
ইরানের হামলা | ছবি: সংগৃহীত
0

নতুন করে বাহরাইন, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতে হামলা চালিয়েছে আইআরজিসি। হামলা চলছে তেলবাহী ট্যাংকার লক্ষ্য করেও। অন্যদিকে, আইআরজিসির বিমানবাহিনীর সদর দপ্তরে হামলার দাবি আইডিএফের। এর আগে ইরানে কঠোর আঘাত হানার হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দাবি করেন, প্রতিবেশী দেশগুলোর কাছে আত্মসমর্পণ করেছে ইরান। আর ইরানের প্রেসিডেন্ট জানান, মধ্যপ্রাচ্যের দেশগুলোর মার্কিন ঘাঁটি থেকে হামলা বন্ধ হলে তাদের ওপর আর পাল্টা আক্রমণ চালাবে না তেহরান। এদিকে ইরানের পাশাপাশি চলমান সংঘাতে লেবাননে প্রাণহানি বেড়ে ৩০০।

দিন যত গড়াচ্ছে, ততই বাড়ছে ইরানের ইসরাইলের হামলা। মেহেরবাদ বিমানবন্দরে হামলার পর তেহরান ও ইসফাহানে নতুন করে প্রাণঘাতী হামলা চালাচ্ছে তেল-আবিব। যুক্তরাষ্ট্রের দাবি- এরইমধ্যে তেহরানের যোগাযোগ ব্যবস্থাসহ সামরিক সক্ষমতা ধ্বংস হয়ে গেছে।

রেড ক্রিসেন্টের তথ্য, ৮ দিনের সংঘাতে ইরানের প্রায় ৭ হাজার স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরাইল। বাদ যায়নি স্কুল ও হাসপাতালও। প্রাণ হারিয়েছে প্রায় দেড় হাজার।

এদিকে, পাল্টা প্রতিশোধ হিসেবে ইসরাইলের তেল-আবিবসহ বিভিন্ন শহরে হামলা অব্যাহত রেখেছে তেহরান। এই হামলায় অত্যাধুনিক হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহারের দাবি আইআরজিসির।

মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটি ও অন্যান্য স্থাপনায় একযোগে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা করছে তেহরান। নতুন করে দুবাই এয়ারপোর্ট ও আমিরাতের আল-ধাফরা বিমানঘাঁটিতে আক্রমণ করেছে ইরান। হামলা হয়েছে ইরাকের কুর্দিস্তান আঞ্চলিক সরকারের ভবন ও কুর্দিদের ৩টি সামরিক ঘাঁটিতে। নতুন করে ইরানি ড্রোন ভূপাতিতের দাবি কুয়েতের।

আরও পড়ুন:

এছাড়া হরমুজ প্রণালিতে মাল্টার পতাকাবাহী তেল ট্যাংকারের পর গালফ অঞ্চলে আরেকটি তেলবাহী ট্যাংকারে হামলার দাবি আইআরজিসির।

হামলা-পালটা হামলার পাশাপাশি জারি রয়েছে কথার লড়াই। মধ্যপ্রাচ্যের দেশগুলোতে হামলার জন্য দুঃখ প্রকাশ করে ইরানের প্রেসিডেন্ট বলেছেন, প্রতিবেশী দেশের মার্কিন ঘাঁটি থেকে হামলা বন্ধ হলে পাল্টা হামলা করবে না ইরান।

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেন, প্রতিবেশী দেশে হামলা চালানো আমাদের লক্ষ্য নয়। তারা আমাদের ভাই। আমরা শান্তি ও স্থিতিশীলতায় বিশ্বাসী। অন্তর্বর্তী কাউন্সিলের সিদ্ধান্ত হামলা না হলে প্রতিবেশী দেশে পালটা আক্রমণ না চালানোর।

এর প্রতিক্রিয়ায় এক ট্রুথ সোশ্যালে ট্রাম্পের দাবি, প্রতিবেশী দেশগুলোর কাছে আত্মসমর্পণ করেছে ইরান। এছাড়া ঘোষণা দেন, তেহরানে ভয়াবহ হামলা করা হবে। তবে ট্রাম্পের হুমকির পর ইরানও হামলার জন্য নতুন মার্কিন স্থাপনা খুঁজছে বলে জানিয়েছে ইরানি এক কর্মকর্তা।

এছাড়া, সংঘাত ভয়াবহ হচ্ছে লেবাননেও। বাড়ছে প্রাণহানি। নতুন করে লেবানন সীমান্তের ইসরাইলের একটি শহর থেকে নাগরিকদের সরে যেতে বনেছে হিজবুল্লাহ যোদ্ধারা। অন্যদিকে, হিজবুল্লাহ অস্ত্র না ছাড়লে কঠিন পরিণতির হুঁশিয়ারি ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রীর।

যুক্তরাজ্যের যুদ্ধবিমান পৌঁছানোর পর আংশিকভাবে আকাশসীমা খুলে দিয়েছে কাতার। তবে চালু হয়নি বাণিজ্যিক ফ্লাইট। এছাড়া, সাময়িক বন্ধের পর পুনরায় এলএনজি সরবরাহ চালু করেছে কাতার।

ইএ