এ ঘটনায় পাশের চায়ের দোকানি শুকুর আলী গুলিবিদ্ধ হন। এসময় ৬-৭ রাউন্ড গুলি ছোড়ে ও দুটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
পুলিশ ও স্থানীয় সূত্র জানিয়েছে, গতকাল রাত ৯টার দিকে ৪ থেকে ৫ জন দুর্বৃত্ত আগ্নেয়াস্ত্র ও ককটেল নিয়ে অফিসের সামনে এসে গালিগালাজ করতে থাকে এবং উপজেলা যুবদল নেতা বালু ব্যবসায়ী উজ্জল স্বর্ণকারকে খুঁজতে থাকে। একপর্যায়ে তারা অফিসটি লক্ষ্য করে ৬-৭ রাউন্ড গুলি ছোড়ে এবং দুটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়।
এতে পাশের চায়ের দোকানি শুকুর আলী গুলিবিদ্ধ হন। এছাড়াও পাশের একটি দোকানের কয়েকটি আসবাবপত্র ভেঙে যায়। ঘটনার সময় পৌর ও উপজেলা বিএনপির কয়েকজন নেতাকর্মী অফিসটিতে উপস্থিত ছিলেন।
আরও পড়ুন:
জানা গেছে, স্থানীয় বালুঘাট দখলকে কেন্দ্র করে দিনভর উপজেলার বিভিন্ন এলাকায় উত্তেজনা বিরাজ করছিল। সকালে উপজেলার বাহাদুরপুর এলাকায় বিএনপির দু’পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। দুপুরে বাহিরচর ইউনিয়নের টিকটিকি পাড়ার বালুঘাটে একটি পক্ষ অপর পক্ষের অফিস ও মোটরসাইকেল ভাঙচুর করে। রাতের হামলাটি ওই ঘটনারই অংশ বলে ধারণা করা হচ্ছে।
ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ জাহেদুর রহমান বলেন, ‘দক্ষিণ রেলগেট এলাকায় গুলি ও ককটেল বিস্ফোরণের ঘটনায় একজন আহত হয়েছেন। এ ঘটনায় খতিয়ে দেখে দুর্বৃত্তদের ধরতে পুলিশ অভিযান অব্যাহত রয়েছে।’





