Recent event

প্রথমবারের মতো দ্বি-পক্ষীয় আলোচনায় বসতে পারে রাশিয়া-ইউক্রেন; অব্যাহত পাল্টাপাল্টি হামলা

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন | ছবি: সংগৃহীত
0

জেনেভায় মূল বৈঠকের ফাঁকে প্রথমবারের মতো দ্বি-পক্ষীয় আলোচনায় বসতে পারে রাশিয়া ও ইউক্রেন। এদিকে, মঙ্গলবার হতে শুরু হওয়া ২ দিনব্যাপী আলোচনায় ভূখণ্ড ভাগাভাগির মতো ইস্যুগুলো প্রাধান্য পাবে বলে জানিয়েছে ক্রেমলিনের মুখপাত্র। অন্যদিকে, ইউক্রেন যুদ্ধের অবসানে কিয়েভের আগে আলোচনার টেবিলে বসা উচিত বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে আলোচনার মাঝেও পাল্টাপাল্টি হামলা অব্যাহত রেখেছে রাশিয়া ও ইউক্রেন।

বিশ্ব গণমাধ্যমের আলোচনার কেন্দ্রবিন্দুতে সুইজারল্যান্ডের জেনেভা। শুধু যুক্তরাষ্ট্র- ইরান নয়, একই দিনে শহরটিতে ইউক্রেন যুদ্ধবন্ধে আলোচনায় বসবে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধিরাও।

বৈঠকের আগে সোমবার গণমাধ্যমের সঙ্গে কথা বলেন ট্রাম্প। এতদিন ইউক্রেন যুদ্ধবিরতি সহজ নয় বলে আসলেও এবার পাল্টা কথা জানালেন মার্কিন প্রেসিডেন্ট।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘বড় আলোচনা হতে যাচ্ছে। আমার মনে হয় এটি সহজ হবে। ইউক্রেনের উচিত আলোচনার টেবিলে আগে বসা। আমরা এটি নিশ্চিতেই কাজ করছি।’

এদিকে, ত্রি-পক্ষীয় আলোচনায় অংশ নিতে জেনেভায় পৌঁছেছে রুশ প্রতিনিধি দল। এতে নেতৃত্ব দেবেন পুতিনের সহযোগী ভ্লাদিমির মেদেনস্কি। এর আগে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানান, জেনেভা আলোচনায় ভূখণ্ড ভাগাভাগির মতো জটিল বিষয়গুলো প্রাধান্য পাবে।

এছাড়া, এবারই প্রথমবারের মতো মূল আলোচনার ফাঁকে দ্বি-পক্ষীয় আলোচনায় বসতে পারে রাশিয়া ও ইউক্রেন।

আরও পড়ুন:

তবে কূটনৈতিক আলোচনার মাঝেও পাল্টাপাল্টি হামলা অব্যাহত রেখেছে মস্কো ও কিয়েভ। সোমবার নতুন করে সুমি ও দোনেৎস্ক অঞ্চলের ২টি গ্রাম দখলের দাবি করেছে রুশ প্রতিরক্ষা বাহিনী। অন্যদিকে, কিয়েভ আর্মড ফোর্সের জেনারেল স্টাফ একই দিনে রাশিয়ার ছয় শতাধিক ড্রোন সফলভাবে ভূ-পাতিতের দাবি জানিয়েছে। এছাড়া, রাশিয়া ইউক্রেনের জ্বালানি স্থাপনায় বড় হামলার প্রস্তুতি নিচ্ছে বলে অভিযোগ করেছেন জেলেনস্কি।

গোয়েন্দা সূত্রের বরাতে জানতে পেরেছি কিয়েভের জ্বালানি স্থাপনায় রাশিয়া বড় হামলা চালাবে। এটি প্রতিরোধে ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শিগগিরই জোরদার করা প্রয়োজন। একারণে মিত্রদের কাছে আহ্বান, ইউক্রেনের প্রতিরক্ষায় যথাসময়ে অস্ত্র সরবরাহের।

প্রায় চার বছরে গড়ানো ইউক্রেন যুদ্ধের অবসান চান কিয়েভবাসী। মস্কোর হামলার শঙ্কায় রেল স্টেশনের বাঙ্কারে অবস্থান নেয়া প্রত্যেকের মুখেই শান্তির প্রত্যাশা।

ইউক্রেন যুদ্ধের অবসানে সবশেষ আরব আমিরাতে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও ইউক্রেনের মধ্যকার ত্রি-পক্ষীয় আলোচনা অনুষ্ঠিত হয়।

এফএস