Recent event

ইমরান খানের যথাযথ চিকিৎসার দাবিতে উত্তাল হচ্ছে পাকিস্তানের রাজনীতি

ইমরান খান ও বিক্ষোভ
ইমরান খান ও বিক্ষোভ | ছবি: সংগৃহীত
0

ইমরান খানের অসুস্থতা ঘিরে ক্রমেই উত্তাল হচ্ছে পাকিস্তানের রাজনীতি। কারাবন্দি ইমরান খানকে হাসপাতালে স্থানান্তরের দাবিতে টানা চতুর্থ দিনের মতো দেশটির সংসদে অবস্থান কর্মসূচি পালন করছে পিটিআই ও তাদের জোটসঙ্গীরা। এদিকে ব্যাপক বিক্ষোভ হচ্ছে খাইবার পাখতুনখোয়ায়ও। পিটিআইয়ের নেতাকর্মীরা মহাসড়ক অবরোধ করায় প্রদেশটির সঙ্গে পাকিস্তানের অন্যান্য অংশের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। তবে চিকিৎসকদের বরাতে কারা কর্তৃপক্ষের দাবি, ইমরান খানের চোখের উল্লেখযোগ্য উন্নতি হয়েছে।

পাকিস্তানের কারাবন্দী কিংবদন্তি ক্রিকেটার ও রাজনীতিবিদ ইমরান খানের স্বাস্থ্য নিয়ে কাটছে না ধোঁয়াশা। দীর্ঘদিন ধরেই কারা কর্তৃপক্ষের বিরুদ্ধে ইমরানের খানের ওপর নির্যাতন-নিপীড়নের অভিযোগ করে আসছিল তার পরিবার ও রাজনৈতিক দল তেহরিক-ই-ইনসাফ।

এরইমধ্যে ইমরান খানের চোখের দৃষ্টিশক্তি নিয়ে প্রকাশ পায় ভয়াবহ তথ্য। ডান চোখের মাত্র ১৫ শতাংশ দৃষ্টিক্ষমতা অবশিষ্ট আছে তার। এরপর থেকেই কারাবন্দি ইমরান খানের উন্নত চিকিৎসার জন্য ইসলামাবাদের শিফা হাসপাতালে স্থানান্তরের দাবিতে টানা চার দিন ধরে সংসদে অবস্থান কর্মসূচি পালন করছে পিটিআই ও তাদের জোট সঙ্গীরা।

আরও পড়ুন:

এবার সংসদ ছাপিয়ে ইমরান সমর্থকদের বিক্ষোভ অচল খাইবার পাখতুনখোয়া প্রদেশের যান চলাচল। প্রদেশটির গুরুত্বপূর্ণ রাস্তাগুলোর প্রবেশমুখ বন্ধ করে পিটিআই সদস্যরা বিক্ষোভ করায় রাস্তার দুপাশে আটকা পড়েছে শত শত যান।

ইমরান খানের স্বাস্থ্য নিয়ে বাড়তে থাকা উত্তেজনার মাঝেই গত রোববার আদিয়ালা কারাগারে যায় পাঁচ সদস্যের চিকিৎসক দল। প্রায় এক ঘণ্টা পরীক্ষা নিরীক্ষা শেষে তারা জানায়, উল্লেখযোগ্য উন্নতি হচ্ছে ইমরান খানের চোখের পরিস্থিতির। পর্যাপ্ত চিকিৎসা পেলে তার শারীরিক অবস্থার আরও উন্নতি হবে বলে আশাবাদ ব্যক্ত করেন ডাক্তাররা।

জিও নিউজ জানায়, কারা কর্তৃপক্ষ জানায় চিকিৎসকের দেয়া পূর্ণাঙ্গ স্বাস্থ্য রিপোর্টটি পাঠানো হবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে।

এফএস