Recent event

ট্রাম্প প্রশাসনের নিষেধাজ্ঞাকে চ্যালেঞ্জ করে ফের জিমি কিমেলের লেট নাইট শো চালু

জিমি কিমেল
জিমি কিমেল | ছবি: এখন টিভি
0

এবিসি নেটওয়ার্কে জিমি কিমেলের লেট নাইট শো ফের চালু হওয়ার ঘটনা মানতে পারছেন না ট্রাম্প। তার ফিরে আসাতে হতাশ চার্লি কার্কের সমর্থকেরাও। তবে এ হত্যাকাণ্ডকে খাটো করে দেখানোর কোনো উদ্দেশ্য ছিল না বলে জানান জিমি কিমেল। এক সপ্তাহ পর কান্নাভেজা চোখে আবারও শো শুরু করেন তিনি। এদিকে, জিমি কিমেলের ফিরে আসাকে দুর্দান্ত বলছেন তার ভক্ত অনুরাগীরা।

ট্রাম্পের ঘনিষ্ঠ চার্লি কার্কের হত্যাকাণ্ড ঘিরে বিতর্কিত মন্তব্যের জেরে এবিসি নেটওয়ার্ক থেকে চাকরি হারিয়েছিলেন মার্কিন উপস্থাপক জিমি কিমেল। অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে যায় তার জনপ্রিয় লেট নাইট শো প্রোগ্রাম। নিষেধাজ্ঞা আসে জিমি কিমেলের যেকোনো অনুষ্ঠান সম্প্রচারের ওপর। এমনকি টিভি চ্যানেলের লাইসেন্স কেড়ে নেয়ার হুমকিও দেয়া হয়। এ ঘটনায় যুক্তরাষ্ট্রজুড়ে তীব্র নিন্দা ও সমালোচনার ঝড় উঠে। বিক্ষোভে নামে তার ভক্তরা।

অবশেষে নানা নাটকীয়তার পর আবারও এবিসি নেটওয়ার্কে ফিরেছে জনপ্রিয় টিভি শো জিমি কিমেল লাইভ। গত (মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর) রাতে সম্প্রচার হয় অনুষ্ঠানটি। ট্রাম্প প্রশাসনের নিষেধাজ্ঞাকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে ফিরে এসেছেন জিমি কিমেল।

অনুষ্ঠানের শুরুতে কান্নাভেজা চোখে জিমি কিমেল বলেন, চার্লি কার্ক হত্যাকাণ্ডকে হালকাভাবে উপস্থাপন করার কোনো উদ্দেশ্যই ছিল না তার। এ সময় তিনি বাকস্বাধীনতা কেড়ে নেয়ার অভিযোগ তুলে ডোনাল্ড ট্রাম্পের সমালোচনা করেন।

আরও পড়ুন:

মার্কিন কৌতুকাভিনেতা ও উপস্থাপক জিমি কিমেল বলেন, ‘ট্রাম্প স্পষ্ট করেই বলেছেন তিনি আমাকে ও এখানে কাজ করা শত শত লোককে চাকরি থেকে বরখাস্ত করতে চান। আমাদের নেতা মার্কিন জনগণের জীবিকা হারানোকে উদযাপন করছেন। তিনি রসিকতা করতে পারেন না। আমাদের অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে হবে।’

তবে জিমি কিমেলের ফিরে আসাকে মানতে পারছেন না মার্কিন প্রেসিডেন্ট। ট্রুথ সোশ্যালের এক বার্তায় তিনি বলেন, সে কীভাবে চাকরিতে ফিরেছে তা বিশ্বাস হচ্ছে না। এ বিষয়ে এবিসি নেটওয়ার্ককে জবাবদিহি করা হবে বলে হুঁশিয়ারি জানিয়েছেন ট্রাম্প।

এ ঘটনায় হতাশ চার্লি কার্কের সমর্থকেরাও। তার অনুষ্ঠান বয়কটের ডাক দেয় তারা। তাদের অভিযোগ, চার্লি কার্কের হত্যাকাণ্ডের ঘটনাকে বিতর্কিত ও ভিন্ন পথে নেয়ার চেষ্টা করেছেন জিমি কিমেল।

স্থানীয় একজন বলেন, ‘জিমি কামেলের অনুষ্ঠান আমি খুব একটা দেখি না। তাকে সহ্য করতে পারি না। এক পক্ষের মতামতকে প্রাধান্য দেয়ায় আমি খুব বিরক্ত।’

এদিকে, জিমি কিমেলের ফিরে আসাকে দুর্দান্ত বলছেন তার ভক্ত অনুরাগীরা। তাদের মতে, জিমি কিমেলের রসিকতা বোঝার সক্ষমতা নেই ট্রাম্পের।

জিমি কিমেলের ভক্ত এক ব্যক্তি বলেন, ‘জিমি কামেল কীভাবে অনুষ্ঠান পরিচালনা করবেন তা নিয়ে আগ্রহী ছিলাম। তিনি আসলে খুব আন্তরিক ছিলেন। এ ঘটনায় তিনি মুখ থুবড়ে পড়েননি।’

এফএস