ভূ-রাজনীতিতে ইরান-চীনের ঘনিষ্ঠ বন্ধুত্ব; অপরদিকে চীন-যুক্তরাষ্ট্রের চির বৈরিতার কথা সবারই জানা। তবে বাণিজ্য ও অর্থনীতির স্বার্থে শত্রু-মিত্র সবার সঙ্গেই সুসম্পর্ক বাজায় রাখতে মরিয়া চীন। কারণ ইরানের বিরুদ্ধে যুদ্ধের মধ্যেও চীনের শীর্ষ বাণিজ্যিক অংশীদারের তালিকায় রয়ে গেছে যুক্তরাষ্ট্র-ইসরাইল। গত এক দশক ধরে মার্কিন মিত্র উপসাগরীয় দেশগুলোর সঙ্গেও ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলেছে চীন।
তেহরানের সঙ্গে মিত্রতার জেরে নিজেদের অর্থনীতিতে যাতে মোটেও ক্ষতিকর প্রভাব না পড়ে, সে বিষয়ে বেশ সতর্ক অবস্থানে বেইজিং। এর জন্য অনেকটা ‘ধরি মাছ না ছুঁই পানি’ নীতিতে এগুচ্ছে চীন। যাতে শত্রু-মিত্র সবার সঙ্গেই অটুট থাকে বাণিজ্যিক সম্পর্ক। এমনটাই মনে করছেন বিশ্লেষকরা।
২০ এপ্রিল সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের ফোনালাপে তা অনেকটা স্পষ্ট। কারণ সৌদি যুবরাজের সঙ্গে কথা বলার সময় হরমুজ প্রণালি খুলে দেয়ার প্রয়োজনীয়তার ওপর জোর দিলেও, ইরান বা যুক্তরাষ্ট্র কোনো পক্ষের নাম নির্দিষ্টভাবে উল্লেখ করেননি চীনা প্রেসিডেন্ট। যদিও ২৮ ফেব্রুয়ারি মার্কিন-ইসরাইলি হামলা এবং ৮ এপ্রিল যুদ্ধবিরতির পরও ১৩ এপ্রিল থেকে ইরানের ওপর মার্কিন নৌ-অবরোধের জেরে কার্যত অচল হরমুজ প্রণালি।
আরও পড়ুন:
এর মধ্য দিয়ে শি-জিনপিং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কড়া সমালোচনার বিপরীতে দায়িত্বশীলতা ও চাতুরতার আশ্রয় নিচ্ছেন বলে মনে করছেন অনেকে। মিত্রদের অভ্যন্তরীণ সমস্যায় সরাসরি হস্তক্ষেপ না করাকে বড় প্রমাণ হিসেবেও দেখা হচ্ছে। ইরান যুদ্ধ থেকে লাভবান হতেই পরাশক্তিধর হয়েও ওয়াশিংটনের চেয়ে বেইজিং নিজেদের আলাদা প্রমাণের চেষ্টায় জোর দিচ্ছে বলে ধারণা গেদালিয়াহ আফটারম্যানের।
আব্বা ইবান ইন্সটিটিউটের বিশ্লেষক গেদালিয়াহ আফটারম্যান বলেন, ‘চীন কোনো নাটকীয় পদক্ষেপ নিয়ে নয় বরং অপেক্ষা করে, পরিস্থিতি পর্যবেক্ষণ করে। পাশাপাশি সুযোগ বুঝে অবস্থান নেয়ার মাধ্যমে লাভবান হচ্ছে। আর তারা মার্কিনদেরই এই ঝামেলা মোকাবিলা করতে দিচ্ছে।’
শাসনব্যবস্থা পরিবর্তনের প্রচেষ্টাসহ বিভিন্ন বিষয়ে মধ্যপ্রাচ্যের ওপর যুক্তরাষ্ট্রের কৌশলগত মনোযোগের বিপরীতে অঞ্চলটিতে অর্থনীতিই বেইজিংয়ের শীর্ষ অগ্রাধিকার হিসেবে রয়ে গেছে বলেও মনে করছেন অনেকে। সেই স্বার্থেই ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যে জটিল শান্তি চুক্তির চেষ্টায় অনেক দূরে রয়েছে চীন।
আফটারম্যানের মতে, বাণিজ্য সম্পর্কের ভারসাম্য রক্ষায় শত্রু-মিত্রের সঙ্গে খুব সতর্কতার সঙ্গে পা ফেলছে বেইজিং।





