শান্তি ও আন্তর্জাতিক আইনের প্রসারে অনন্য ভূমিকার স্বীকৃতি হিসেবে ২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন দক্ষিণ আফ্রিকার প্রখ্যাত বিচারক নাভানেথাম ‘নাভি’ পিল্লাই (৮৫)। আজ (শুক্রবার, ৯ অক্টোবর) নরওয়ের রাজধানী অসলোতে নরওয়েজিয়ান নোবেল কমিটি এ বছরের শান্তিতে নোবেলজয়ী হিসেবে তার নাম ঘোষণা করে।
নোবেল কমিটি জানিয়েছে, নাভি পিল্লাই বিশ্বজুড়ে বিভিন্ন রাষ্ট্র ও জাতীয় নেতাদের জবাবদিহির আওতায় এনেছেন এবং সংঘাত ও সহিংসতার শিকার মানুষদের মধ্যে আশার সঞ্চার করেছেন। দীর্ঘ কর্মজীবনে তিনি দৃঢ় নৈতিক অবস্থানের পরিচয় দিয়েছেন।
কমিটির বিবৃতিতে বলা হয়, বর্ণবাদবিরোধী আন্দোলনের সময় নেলসন ম্যান্ডেলাসহ অন্যান্য অধিকারকর্মীদের পক্ষে আইনি লড়াই চালানো থেকে শুরু করে বর্তমান সময়ের শীর্ষ আন্তর্জাতিক আদালতে বিচারকের দায়িত্ব পালন পর্যন্ত তার কাজের এক অসাধারণ ধারাবাহিকতা রয়েছে।
নাভি পিল্লাই ফিলিস্তিনের অধিকৃত ভূখণ্ডবিষয়ক জাতিসংঘের তদন্ত কমিশনের প্রধান হিসেবেও দায়িত্ব পালন করেন। কমিশনটি গত বছর এক প্রতিবেদনে জানায়, গাজায় ইসরাইল গণহত্যা চালিয়েছে। তবে ইসরাইল সে সময় প্রতিবেদনটি প্রত্যাখ্যান করেছিল।
চলতি বছর চিকিৎসা, পদার্থ, রসায়ন ও সাহিত্যের পর পঞ্চম নোবেল হিসেবে শান্তির পুরস্কার ঘোষণা করা হলো। ২০২৫ সালে এ পুরস্কার পেয়েছিলেন ভেনেজুয়েলার বিরোধীদলীয় নেত্রী মারিয়া কোরিনা মাচাদো।
পুরস্কারের প্রতিষ্ঠাতা সুইডিশ বিজ্ঞানী আলফ্রেড নোবেলের মৃত্যুবার্ষিকীতে আগামী ১০ ডিসেম্বর অসলোতে আনুষ্ঠানিকভাবে নাভি পিল্লাইয়ের হাতে এই পুরস্কার তুলে দেয়া হবে। নোবেল শান্তি পুরস্কারের অর্থমূল্য ১ কোটি ২০ লাখ সুইডিশ ক্রোনা (প্রায় ১২ লাখ মার্কিন ডলার)।





