Recent event

দুর্গাপূজায় ভারতে রপ্তানি হবে ১২০০ টন ইলিশ

সাজিয়ে রাখা ইলিশ মাছ
সাজিয়ে রাখা ইলিশ মাছ | ছবি: সংগৃহীত
0

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে এক হাজার ২০০ টন ইলিশ ভারতে শর্তসাপেক্ষে রপ্তানির জন্য নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। ইলিশ মাছ রপ্তানি সংক্রান্ত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। আজ (সোমবার, ৮ সেপ্টেম্বর) বাণিজ্য মন্ত্রণালয়ের রপ্তানি-২ শাখার উপসচিব এস এইচ এম মাগফুরুল হাসান আব্বাসী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বাণিজ্য মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতিবছরের ন্যায় চলতি ২০২৫ সালে দুর্গাপূজা উপলক্ষে এক হাজার ২০০ টন ইলিশ ভারতে শর্তসাপেক্ষে রপ্তানির জন্য সরকার নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করেছে। সে আলোকে আগ্রহী রপ্তানিকারকদের কাছ থেকে আগামী ১১ সেপ্টেম্বর অফিস চলাকালীন (বিকাল ৫টা পর্যন্ত) হার্ড কপিতে আবেদন আহবান করা যাচ্ছে।

এতে আরও বলা হয়, আবেদনের সঙ্গে সংশ্লিষ্ট রপ্তানিকারক প্রতিষ্ঠানের হালনাগাদ ট্রেড লাইসেন্স, ইআরসি, আয়কর সার্টিফিকেট, ভ্যাট সার্টিফিকেট, বিক্রয় চুক্তিপত্র, মৎস্য অধিদপ্তরের লাইসেন্সসহ সংশ্লিষ্ট দলিলাদি দাখিল করতে হবে।

সরকার প্রতি কেজি ইলিশের ন্যূনতম রপ্তানি মূল্য নির্ধারণ করেছে ১২ দশমিক ৫ ডলার। এরই মধ্যে যারা আহ্বান ব্যতিরেকেই আবেদন করেছেন, তাদেরকেও নতুনভাবে আবেদন দাখিল করতে হবে বলে উল্লেখ করেছে বাণিজ্য মন্ত্রণালয়।

এএইচ