রংপুর এরিয়া কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ কামরুল হাসান আজ (বুধবার, ১১ ফেব্রুয়ারি) দুপুরে চিরিরবন্দর উপজেলার বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করেন। নির্বাচন উপলক্ষে সার্বিক পরিস্থিতি ও নিরাপত্তা ব্যবস্থা সরেজমিনে পর্যবেক্ষণের জন্য তিনি দুপুর ১টায় হেলিকপ্টারে চিরিরবন্দর উপজেলার সুখীপুর স্কুল মাঠে অবতরণ করেন।
পরে তিনি বিন্নাকুড়ি স্কুল মাঠে জেলা রিটার্নিং কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে বৈঠক করে নির্বাচনকালীন নিরাপত্তা ব্যবস্থা নিয়ে দিকনির্দেশনা দেন।
এসময় জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা রফিকুল ইসলাম জেদান আল মুসাসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এদিকে, জাতীয় সংসদ নির্বাচনের জন্য দিনাজপুর জেলার ছয়টি সংসদীয় আসনের ৮৪৪টি ভোটকেন্দ্রে স্বচ্ছ ব্যালট বাক্সসহ সব প্রয়োজনীয় নির্বাচনি সরঞ্জাম বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়েছে।
আরও পড়ুন:
জেলা নির্বাচন কর্মকর্তা জিলহাজ উদ্দিন জানান, প্রতিটি উপজেলা পরিষদ থেকে প্রিজাইডিং কর্মকর্তারা ব্যালট পেপার ও অন্যান্য নির্বাচনি মালামাল বুঝে নেন এবং কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে তা সংশ্লিষ্ট ভোটকেন্দ্রে পৌঁছে দেয়া হয়।
দিনাজপুর সদর উপজেলা পরিষদ থেকে আজ সকাল ১০টায় ১৩০টি ভোটকেন্দ্রের জন্য নির্বাচনি সরঞ্জাম বিতরণ করা হয়। ট্রাক্টরসহ বিভিন্ন যানবাহনে করে প্রিজাইডিং কর্মকর্তারা আনসার ভিডিপি ও পুলিশের সহায়তায় এসব সরঞ্জাম কেন্দ্রে নিয়ে যান।
এসময় সেনাবাহিনীর মেজর মাহমুদ ও উপজেলা নির্বাহী কর্মকর্তারা বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করেন এবং ভোটগ্রহণ, ভোট গণনা ও ফলাফল ঘোষণা পর্যন্ত সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকার নির্দেশনা দেন।
নির্বাচনকে কেন্দ্র করে দিনাজপুর জেলাজুড়ে আইনশৃঙ্খলা বাহিনীর টহল ও নজরদারি বৃদ্ধি করা হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, একটি শান্তিপূর্ণ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতেই এ প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।





