এই চিত্র নওগাঁর বদলগাছী উপজেলার গাবনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের। মূল পাকাসড়ক থেকে স্কুলটির দূরুত্ব প্রায় ৩০০ মিটার। সরু এ পথ দিয়ে গাবনা গ্রামসহ পাশের গোধইল গ্রামের অন্তত ৭০ জন শিক্ষার্থী স্কুলে আসে। পথটি শুধু স্কুলের শিক্ষার্থীদের জন্য নয়, গ্রামের অন্তত দেড়শ পরিবারের ৫০০ মানুষের চলাচলের একমাত্র পথ।
বর্ষায় অন্তত ৬ মাস জলাবদ্ধ থাকে এই সড়ক। বিকল্প কোন পথ না থাকায় হাঁটু সমান পানি পার হয়ে শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয়দের প্রতিনিয়ত চলাচল করতে হয়।
স্থানীয়রা জানান, রাস্তা নেই, অল্প বৃষ্টিতেই পানি জমে থাকে। ফলে বৃষ্টির সময় তাদের চলাচলে অসুবিধা হয়।
শিক্ষার্থীরা জানান, জলাবদ্ধতার কারণে অনেকে স্কুলে আসা-যাওয়ার পথে পানিতে পড়ে যায়। যার কারণে অভিভাবকরাও স্কুলে আসতে দেয় না। এছাড়া, পঁচা-দুর্গন্ধ পানির কারণে পায়ে চুলকানি ও ঘা হয় অনেকের। স্থানীয়রা জানান, প্রায় ১০ বছর আগে ইট বিছানো হয়েছিল রাস্তাটিতে। বৃষ্টির পানি বেরিয়ে যাওয়ার কোন ব্যবস্থা না থাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। দ্রুত রাস্তাটির সংস্কার দাবি করেন তারা।
স্থানীয়রা জানান, বর্ষার সময় পানি জমার ফলে এলাকাবাসী চলাচল করতে পারছে না। দ্রুত প্রশাসনের এবিষয়ে পদক্ষেপ নেয়ার দাবি জানান তারা।
এদিকে, জলাবদ্ধতার কারণে স্কুলের শিক্ষার্থীর উপস্থিতির হার কমেছে অন্তত ৫০-৬০ শতাংশ। বিষয়টি একাধিকবার প্রশাসনকে অবগত করা হলেও সংস্কারে কোন উদ্যোগ নেয়া হয়নি বলে অভিযোগ শিক্ষার্থীদের।
আরও পড়ুন:
গাবনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবুল কালাম আজাদ বলেন, ‘ইউএনও স্যারকে ও আমাদের উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার স্যারকে বারবার করে বলছি—যে আমাদের রাস্তা সংস্কার করে দেন। তারা শুধু আশ্বাসই দেয়, কিন্তু আশ্বাসের কোনো প্রতিফলন করে না।’
গাবনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সোহেল রানা বলেন, ‘পূর্বের ন্যায় প্রতি বছরই আমরা এ আবেদনটা করি। আমাদের শিক্ষা অফিসারকে, মহোদয়কে আমরা বলি। আমরা ইউএনও স্যারকে বলেছি। অনেক সময় গেলেও আমাদের এই কাজটা হয়নি।’
তবে, বিষয়টি নিয়ে একাধিকবার উপজেলা প্রশাসনের সমন্বয় সভায় আলোচনা হয়েছে। চলতি অর্থবছরে সড়কগুলো সংস্কার করে চলাচলের উপযোগী করা হবে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা।
বদলগাছী উপজেলার শিক্ষা কর্মকর্তা মো. আমিরুল ইসলাম বলেন, ‘বিষয়টি আমরা ইউএনও মহোদয়কে জানিয়েছি এবং সমন্বয় সভায় উত্থাপন করেছি। উনি পর্যায়ক্রমে রাস্তা করার একটা কথা দিয়েছেন। ইঞ্জিনিয়ার জানেন, উনিও বলেছেন এটা করা যেতে পারে ভবিষ্যতে। উপজেলা পরিষদ থেকে বা বিভিন্ন ফান্ড থেকে এটা করা যেতে পারে।’
বদলগাছী উপজেলার নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান ছনি বলেন, ‘বদলগাছী উপজেলায় ৩৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয় যেসব সংযোগ সড়ক নেই। এরই মধ্যে গাবনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যে বিষয়টি—এটি আমাদের নজরে এসেছে এবং ইনশাল্লাহ এই অর্থবছরেই আমরা এই রাস্তাটি সংস্কার করে দেয়ার চেষ্টা করব, যাতে শিক্ষার্থীরা ভালোভাবে স্কুলে যেতে পারে।’
উপজেলা শিক্ষা অফিসের তথ্যমতে, উপজেলায় ১৩৩টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এর মধ্যে ৩৪টি বিদ্যালয়ে সংযোগ সড়ক না থাকায় বর্ষা মৌসুমে জলাবদ্ধতায় বিড়ম্বনায় পড়তে হয় শিক্ষক ও শিক্ষার্থীদের।




