প্রধানমন্ত্রী বিভাজনের রাজনীতি বন্ধ করেছেন: চিফ হুইপ

চিফ হুইপ নূরুল ইসলাম
চিফ হুইপ নূরুল ইসলাম | ছবি: এখন টিভি
0

জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মণি বলেছেন, দেশে দীর্ঘদিনের বিভাজনের রাজনীতি বন্ধ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বর্তমানে দেশে ঐক্যের রাজনীতি প্রতিষ্ঠিত হয়েছে।

আজ (বৃহস্পতিবার, ১৪ মে) দুপুরে বরগুনা জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

চিফ হুইপ অভিযোগ করে বলেন, ‘কিছু স্বার্থান্বেষী মহল দেশের ক্ষতি করার উদ্দেশ্যে কৃত্রিম জ্বালানি সংকট তৈরি করে জনভোগান্তি সৃষ্টি করেছিলো। ষড়যন্ত্রকারীরা সাধারণ মানুষকে বিপদে ফেলতে চেয়েছিল, তবে সরকার তা কঠোরভাবে মোকাবিলা করছে।’

বরগুনার মতো উপকূলীয় অঞ্চলের সম্ভাবনা তুলে ধরে নূরুল ইসলাম মণি বলেন, ‘দেশে একটি পৃথক “উপকূল বিষয়ক মন্ত্রণালয়” গঠন করা অত্যন্ত জরুরি। এটি সম্ভব হলে দেশের সামগ্রিক অর্থনীতির হালচালে আমূল পরিবর্তন আনা সম্ভব।’

দেশের চলমান উন্নয়ন কর্মকাণ্ডের মান নিয়ে অসন্তোষ প্রকাশ করে তিনি বলেন, ‘উন্নয়ন কাজের নিম্নমান কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। কাজের গুণগত মান নিশ্চিত করতে কঠোর নির্দেশনা দেয়া হয়েছে।’

আরও পড়ুন:

দুর্নীতি প্রসঙ্গে তিনি স্পষ্টভাবে বলেন, ‘দুর্নীতি পুরোপুরি নির্মূল করা হয়তো কঠিন, তবে আমরা এটাকে সহনীয় পর্যায়ে নিয়ে আসার জন্য বদ্ধপরিকর।’

জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ডের বরাদ্দ বরগুনায় না আসা সংক্রান্ত এক প্রশ্নের জবাবে চিফ হুইপ ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, ‘এই ফান্ডের টাকা মূলত এনজিওর মাধ্যমে দেয়া হয়, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে সেই টাকার কোনো হদিস থাকে না।’ এসময় তিনি বরগুনা জেলা প্রশাসককে বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করার নির্দেশ দেন।

বরগুনা জেলা পরিষদ প্রশাসক মো. নজরুল ইসলাম মোল্লার এক প্রশ্নের জবাবে তিনি স্বীকার করেন যে, বর্তমানে অপসাংবাদিকতা রোধ করা একটি জটিল চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। তবে সরকার এটি বন্ধে কার্যকর পদক্ষেপ নিচ্ছে এবং কাজ চালিয়ে যাচ্ছে বলে তিনি জানান।

সভায় বরগুনা-১ আসনের সংসদ সদস্য মাহমুদুল হোসাইন অলিউল্লাহ, বরগুনা জেলা পরিষদ প্রশাসক মো. নজরুল ইসলাম মোল্লা, বরগুনার জেলা প্রশাসক তাছলিমা আক্তারসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং আইন-শৃঙ্খলা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

এফএস