যুদ্ধ বা সমঝোতা দু’পথেই প্রস্তুত ইরান; ফের আলোচনার ইঙ্গিত ট্রাম্পের

ডোনাল্ড ট্রাম্প ও আব্বাস আরাঘচি
ডোনাল্ড ট্রাম্প ও আব্বাস আরাঘচি | ছবি: সংগৃহীত
0

আলোচনা কিংবা প্রলয়ঙ্কারী যুদ্ধ উভয়ের জন্য তেহরান প্রস্তুত বলে সাফ জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। আর ইরানের শান্তি প্রস্তাব ফিরিয়ে দেয়ার পরও ফের দেশটির সঙ্গে আলোচনায় বসার আভাস দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে হরমুজে একটি মার্কিন আন্ডারওয়াটার ড্রোন আইআরজিসি জব্দের দাবি করলেও তা প্রত্যাখ্যান করেছে ওয়াশিংটন। অন্যদিকে ইয়েমেনের তাইজ প্রদেশে সৌদি নেতৃত্বাধীন জোটের হুথিবিরোধী অভিযানে সাতজন প্রাণ হারিয়েছেন।

পাল্টাপাল্টি সংঘাত কিংবা বাকযুদ্ধ; ৭ মাসের ইরান যুদ্ধে প্রতি মুহূর্তে একে অপরকে টক্কর দিয়ে যাচ্ছে ওয়াশিংটন-তেহরান। কখনও নতুন দফা হামলার হুঁশিয়ারি কিংবা কখনও সংঘাত থেকে সরে এসে শান্তির প্রস্তাব; দুই প্রতিদ্বন্দ্বীর ক্ষণে ক্ষণে সিদ্ধান্ত পরিবর্তনে অস্থির বিশ্ব। অস্বস্তিতে বিশ্ব জ্বালানির বাজার।

জাতিসংঘ অধিবেশনের ফাঁকে কাতারের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে সাত দিনের রোডম্যাপ ও শান্তি প্রস্তাব পাঠায় ইরান। এতে উঁকি দেয় শান্তির সম্ভাবনা। কিন্তু নাছোড়বান্দা ট্রাম্প ইরানের অর্থনৈতিক মেরুদণ্ড ভেঙে দিতে প্রত্যাখ্যান করেন শান্তিপ্রস্তাব। এর জবাবে কয়েক দফা উচ্চবাচ্য করলেও ফের নমনীয় অবস্থানে তেহরান।

নতুন করে এক এক্স বার্তায় ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি জানান, কূটনৈতিক আলোচনার দরজা খোলা রেখেছে তেহরান। তবে যুক্তরাষ্ট্র হামলা চালালে প্রলয়ঙ্কারী যুদ্ধে জড়াতেও প্রস্তুত আছে ইসলামি প্রজাতন্ত্র। বিপরীতে এক দিনের মধ্যে নিজের অবস্থান বদলিয়ে ডোনাল্ড ট্রাম্প আভাস দিয়েছেন, চলতি সপ্তাহে ইরানের সঙ্গে শান্তি আলোচনার প্রত্যাশা করে যুক্তরাষ্ট্র। তবে তেহরানে হামলার পরিকল্পনা এখনই পেন্টাগন উড়িয়ে দিচ্ছে না বলেও ট্রাম্পের বরাতে দাবি করেছে মার্কিন গণমাধ্যম অ্যাক্সিওস পোর্টাল।

এদিকে, আলোচনার দোলাচলের মধ্যেই হরমুজে রেমাস সিক্স হান্ড্রেড মডেলের একটি মার্কিন আন্ডারওয়াটার ড্রোন জব্দের দাবি করেছে ইরানের বিপ্লবী গার্ড কর্পস (আইআরজিসি)।

আরও পড়ুন:

আন্ডারওয়াটার ড্রোন মূলত পানির নিচে সামরিক নজরদারি ও প্রতিরক্ষা ব্যবস্থা জোরদারে ব্যবহৃত হয়। আইআরজিসির দাবি, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আধুনিক প্রযুক্তির সাহায্যে ড্রোনটি জব্দ করা হয়েছে। যদিও এ দাবি প্রত্যাখ্যান করে দিয়েছে মার্কিন সেনাবাহিনী।

অন্যদিকে ভিন্ন ফ্রন্টে হুথিদের নিয়ন্ত্রণে আগ্রাসী হচ্ছে ইয়েমেনের সরকারি বাহিনী। দক্ষিণ- পশ্চিম ইয়েমেনে হুথিদের নিয়ন্ত্রণাধীন তাইজ প্রদেশের একটি বাজারে হামলা চালিয়েছে সৌদি নেতৃত্বাধীন বাহিনী। এতে বেশ কয়েকজনের প্রাণহানি ও হতাহতের খবর পাওয়া গেছে।

হুথি বিদ্রোহীদের দাবি, গেল একদিনে ইয়েমেনের পাঁচ প্রদেশে ২৬টি বিমান হামলা চালিয়েছে সৌদি নেতৃত্বাধীন জোট। হুথিদের স্থাপনা লক্ষ্য করে হামলার দাবি স্বীকার করেছে ইয়েমেনের সরকারি বাহিনীও। গেল তিন দিনে গোষ্ঠীটির শতাধিক স্থাপনায় হামলার দাবি ইয়েমেন সরকারের। এরই মধ্যে মধ্যপ্রাচ্য ইস্যু নিয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনার জন্য ওয়াশিংটন গেছেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী। আর হুথি- সৌদি সংঘাত নিরসনে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছে ইরান।

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেন, ‘আমরা মুসলিমরা, উপসাগরীয় ও আরব দেশগুলোর ভাইয়েরা মিলেমিশে মধ্যপ্রাচ্যের শান্তি- স্থিতিশীলতা নিশ্চিত করতে পারি। এটাই আমাদের লক্ষ্য। ইয়েমেনে যা ঘটছে তা কাম্য নয়। ইরান ইয়েমেন ও সৌদি আরব একে অপরের বিরুদ্ধে লড়াই না করুক। তারা আলোচনায় বসুক ও মতপার্থক্য দূর করুক।’

আর ২০২৪ সালে ইসরাইলি বিমান হামলায় নিহত হিজবুল্লাহ’র সাবেক শীর্ষ নেতা হাসান নাসরাল্লাহ দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উদযাপন করছে তার অনুসারীরা। বৈরুতে নাসারাল্লাহ’র মৃত্যুবার্ষিকী উদযাপনে অংশ নেন হিজবুল্লাহ কয়েকশ যোদ্ধা।

এসএস