যুদ্ধের উত্তাপ, ভূরাজনৈতিক টানাপোড়েন, জলবায়ু সংকট আর বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তার মধ্যেই পর্দা উঠছে, বিশ্ব রাজনীতির সবচেয়ে বড় মঞ্চ- জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের।
যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে মঙ্গলবার স্থানীয় সময় বেলা ৩টায় পর্দা উঠবে ৮০তম অধিবেশনের। একইসঙ্গে শুরু হবে অধিবেশনের আনুষ্ঠানিকতাও। বিশ্বের ১৯৩টি দেশের প্রতিনিধিদের নিয়ে শুরু হচ্ছে এমন এক অধিবেশন, যেখানে বিশ্বের ভবিষ্যৎ কোন পথে যাবে, সামনে আসবে সেই প্রশ্ন। তাই এবারের অধিবেশনের শ্লোগান- আস্থা পুনঃপ্রতিষ্ঠা, পরিবর্তন ব্যবস্থাপনা এবং সকলের জন্য কার্যকর জাতিসংঘ।
কোথাও যুদ্ধ, কোথাও সংঘাতের আশঙ্কা, কোথাও মানবিক বিপর্যয়। গাজা থেকে ইউক্রেন, মধ্যপ্রাচ্য থেকে আফ্রিকা- বিশ্ব রাজনীতিতে সংকট বহুমুখী। এমন বাস্তবতার মুখে জাতিসংঘের এই অধিবেশনে আলোচনায় গুরুত্ব পাবে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা, টেকসই উন্নয়ন, জলবায়ু পরিবর্তন, মানবিক সংকট এবং বৈশ্বিক সহযোগিতার ভবিষ্যৎ।
আরও পড়ুন:
সবমিলিয়ে আগামী বেশ কিছুদিন বিশ্ব কূটনীতির কেন্দ্রবিন্দু থাকবে নিউ ইয়র্ক। ১৯৩টি সদস্য রাষ্ট্রের প্রতিনিধিরা অংশ নেবেন এবারের অধিবেশনে।
২২ সেপ্টেম্বর থেকে শুরু হবে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্ক। বিশ্বনেতাদের উপস্থিতিতে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানরা বিভিন্ন ইস্যুতে তুলে ধরবেন বিভিন্ন বৈশ্বিক সংকটে নিজেদের অবস্থানসহ আন্তর্জাতিক রাজনীতির নানা গুরুত্বপূর্ণ ইস্যু। যুদ্ধ, শান্তি, জলবায়ু, অর্থনীতি, মানবিক সংকট আর নতুন বিশ্বব্যবস্থার প্রশ্ন- সবকিছুর উত্তর খোঁজা হবে একই মঞ্চে।
জাতিসংঘের বর্তমান ও নবম মহাসচিব আন্তোনিও গুতেরেসের শেষ অধিবেশনও হতে যাচ্ছে এটি। ২০১৭ সালে জাতিসংঘের দায়িত্বে নিযুক্ত হন বর্তমানে ৭৭ বছর বয়সী পর্তুগিজ এই কূটনীতিক। মহাসচিব হিসেবে বৈশ্বিক এই সংগঠনে তার দ্বিতীয় ও শেষ পাঁচ বছরের মেয়াদ পূর্ণ হবে আগামী ৩১ ডিসেম্বর।





