মার্কিন নিষেধাজ্ঞা ও অবরোধে ইরানি রিয়ালের বড় দরপতন

ইরানি রিয়াল
ইরানি রিয়াল | ছবি: সংগৃহীত
0

মার্কিন নিষেধাজ্ঞা ও নৌ অবরোধের মুখে তীব্র অর্থনৈতিক চাপের মধ্যে ইরানের জাতীয় মুদ্রা রিয়ালের মানে রেকর্ড দরপতন ঘটেছে। এই পরিস্থিতিতে মুদ্রার মান ধরে রাখতে বাজারে ২০০ কোটি ডলার পর্যন্ত ছাড়ার ঘোষণা দিয়েছে দেশটির কেন্দ্রীয় ব্যাংক। আল আরাবিয়ার প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

খোলাবাজারের মুদ্রা লেনদেন সংক্রান্ত ওয়েবসাইট বন-বাস্ট ডটকম ও আলানচান্দ ডটকমের তথ্য অনুযায়ী, গতকাল (শনিবার, ৩ অক্টোবর ) ইরানে প্রতি ডলার বিক্রি হয়েছে প্রায় ২৬ লাখ ৮৮ হাজার থেকে ২৬ লাখ ৯৫ হাজার রিয়ালে। এর আগের দিন শুক্রবার দর ছিল ২৬ লাখ ৩২ হাজার রিয়াল।

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে জানানো হয়, স্থানীয় মুদ্রার মান স্থিতিশীল করতে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো বাজারে ২০০ কোটি ডলার পর্যন্ত বিক্রি শুরু করেছে। গত এক বছরে ইরানি মুদ্রা তার মোট মূল্যের অর্ধেকেরও বেশি হারিয়েছে। বর্তমানে দেশটিতে মূল্যস্ফীতির হার ৭০ শতাংশ ছাড়িয়েছে। মার্কিন নৌ অবরোধের কারণে দেশটির আয়ের প্রধান উৎস তেল রপ্তানি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম ও বাসাভাড়া মেটাতে হিমশিম খাচ্ছেন সাধারণ মানুষ। এমন পরিস্থিতিতে সঞ্চয়ের সুরক্ষায় স্থানীয়রা ডলার ও অন্যান্য বিদেশি মুদ্রার পাশাপাশি স্বর্ণ কিনছেন।

ইরানের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের বৈদেশিক মুদ্রা বিষয়ক সহকারী মেহেদি দারাবি রিয়ালের এই দরপতনের জন্য ইরানের অর্থনীতি ধসে পড়ার বিষয়ে মার্কিন কর্মকর্তাদের প্রচারণাকে দায়ী করেছেন। রাষ্ট্রীয় টেলিভিশনে তিনি বলেন, ‘ইরানের অর্থনীতি ধ্বংসের মুখে রয়েছে বলে প্রচার চালানো হচ্ছে... শত্রুভাবাপন্ন পক্ষগুলো আমাদের মুদ্রার বিনিময় হার প্রভাবিত করতে এটি ব্যবহার করছে।’ তবে রিয়ালের বর্তমান দরপতনকে সাময়িক বলেও উল্লেখ করেন তিনি।

এএম