হবিগঞ্জ মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ২

হবিগঞ্জ জেলা সদর হাসপাতাল
হবিগঞ্জ জেলা সদর হাসপাতাল | ছবি: সংগৃহীত
2

হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলায় মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে তিন যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দু’জন আহত হয়েছেন। আজ (বৃহস্পতিবার, ১৬ জুলাই) সন্ধ্যা আনুমানিক ৬টা ৫০ মিনিটে উপজেলার জলসুখা নতুন ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— হবিগঞ্জ সদর উপজেলার বানিয়াচং ইউনিয়নের আমিরখানী গ্রামের নুরুল লস্করের ছেলে আবিদুল লস্কর (২৩), আজমিরীগঞ্জ উপজেলার পাহারপুর গ্রামের চন্দনের ছেলে অন্তর (২৫) এবং একই গ্রামের ফুল মিয়া ঠাকুরের ছেলে তানবীর ঠাকুর (১৮)।

আহতরা হলেন— চুনারুঘাট উপজেলার শেখেরগাঁও গ্রামের শহিদ মিয়ার ছেলে বাচ্চু মিয়া (২৫) এবং গুছাপাড়া এলাকার থৈগাঁও গ্রামের আব্দুল জব্বারের ছেলে মো. মিজান মিয়া (২২)।

পুলিশ জানায়, দু’টি মোটরসাইকেল বিপরীত দিক থেকে আসা-যাওয়ার সময় জলসুখা নতুন ব্রিজ এলাকায় মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তানবীর ঠাকুর নিহত হন। পরে স্থানীয় লোকজন আহত চারজনকে উদ্ধার করে হবিগঞ্জ জেলা সদর হাসপাতালের নিয়ে যান।

এসময় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক আবিদুল লস্কর ও অন্তরকে মৃত ঘোষণা করেন। আহত বাচ্চু মিয়ার অবস্থার অবনতি হওয়ায় তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। অপর আহত মিজান মিয়া হবিগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর হোসেন বলেন, ‘মোটরসাইকেলের সংঘর্ষে ঘটনাস্থলে একজন নিহত হয়েছেন ও হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পর আরও দুইজন মারা গেছে। দুর্ঘটনার বিষয়ে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

এসএস