মধ্যপ্রাচ্যে সর্বাত্মক যুদ্ধের শঙ্কা; ৫ দেশে ইরানের হামলা, বন্ধ হরমুজ প্রণালি

নিকোসিয়া সাইপ্রাসে জাহাজ-ট্র্যাকিং ওয়েবসাইটে হরমুজ প্রণালিতে জাহাজের চলাচলের লাইভ মানচিত্র
নিকোসিয়া সাইপ্রাসে জাহাজ-ট্র্যাকিং ওয়েবসাইটে হরমুজ প্রণালিতে জাহাজের চলাচলের লাইভ মানচিত্র | ছবি: সংগৃহীত
0

গত জুনে সই হওয়া সমঝোতা স্মারক (এমওইউ) উপেক্ষা করে মধ্যপ্রাচ্যে সংঘাত এখন এক ভয়ংকর রূপ নিয়েছে। এক সপ্তাহের মধ্যে যুক্তরাষ্ট্রের তৃতীয় দফার ব্যাপক হামলার জবাবে আজ (রোববার, ১২ জুলাই) উপসাগরীয় পাঁচটি দেশে পাল্টা হামলা চালিয়েছে ইরান। একই সঙ্গে বিশ্ববাণিজ্যের অত্যন্ত গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে তেহরান। আল জাজিরার প্রতিবেদন এ তথ্য উঠে এসেছে।

মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, তারা গত এক সপ্তাহে ইরানে ক্ষেপণাস্ত্র ও ড্রোন তৈরির ঘাঁটিসহ প্রায় ৩০০টি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। এর মধ্যে শুধু আজ (রোববার, ১২ জুলাই) ভোরেই ইরানের দক্ষিণ উপকূলীয় শহরগুলোর ১৪০টি অবস্থানে বোমাবর্ষণ করা হয়েছে। লরেস্তান প্রদেশের ভেইসিয়ান এবং বুশেহর প্রদেশের আসালুয়েহ, দির, বুশেহর, দাস্তি ও তাঙ্গেস্তানে এই হামলাগুলো চালানো হয়েছে।

এর জবাবে ইরান ওমান, কাতার, কুয়েত, বাহরাইন ও জর্ডানে থাকা মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) দাবি করেছে, তারা ওমানের দুকুম বন্দরে মার্কিন লজিস্টিক সাপোর্ট সেন্টার, কাতারের আল উদেদ বিমানঘাঁটি এবং জর্ডানের প্রিন্স হাসান বিমানঘাঁটিতে মার্কিন কমান্ড-অ্যান্ড-কন্ট্রোল সেন্টার ও ড্রোন হ্যাঙ্গার ধ্বংস করেছে। তবে কাতার জানিয়েছে, তারা ইরানের হামলা প্রতিহত করেছে। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ধ্বংসাবশেষ পড়ে কাতারে এক শিশুসহ তিনজন আহত হয়েছেন।

অকার্যকর হচ্ছে শান্তি চুক্তি
ইরানের পার্লামেন্ট স্পিকার ও প্রধান আলোচক মোহাম্মদ বাঘের গালিবাফ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছেন, ‘একপাক্ষিক চুক্তির যুগ শেষ। আমরা বলেছিলাম কথা রাখুন নয়তো মাসুল দিন।’ তিনি সমঝোতা স্মারকের ৫ নম্বর অনুচ্ছেদের (হরমুজ প্রণালি সংক্রান্ত) ছবি পোস্ট করে এই হুঁশিয়ারি দেন। এর আগে বুধবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও ঘোষণা করেছিলেন যে ইরানের সঙ্গে যুদ্ধবিরতি ‘শেষ’ হয়েছে। পতন হওয়া সাবেক নেতার মৃত্যুর প্রতিশোধ নেয়ার অঙ্গীকার করেছেন বর্তমান সর্বোচ্চ নেতা মুজতবা খামেনি।

হরমুজ প্রণালি নিয়ে টানাপোড়েন
ইরান দাবি করেছে, যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালি দিয়ে একটি ‘অবৈধ রুট’ তৈরির চেষ্টা করছে। এর প্রতিবাদে এবং গত মাসে সই হওয়া চুক্তির লঙ্ঘনের অভিযোগে ইরান প্রণালিটি বন্ধ করে দিয়েছে। বিশ্বের ২০ শতাংশ জ্বালানি সরবরাহ হওয়া এই নৌপথটি এখন সংঘাতের প্রধান কেন্দ্রে পরিণত হয়েছে। শনিবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি ওমান সফর করে এই নৌপথ ব্যবস্থাপনা নিয়ে আলোচনা করলেও পরিস্থিতি শান্ত হয়নি।

উপসাগরীয় দেশগুলোর প্রতিক্রিয়া
রোববার বিকেলে ওমান, কাতার ও বাহরাইনে বিপৎসংকেত হিসেবে সাইরেন বাজানো হয়েছে। কাতার ও ওমান এই হামলার তীব্র নিন্দা জানিয়ে একে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন ও সার্বভৌমত্বের ওপর আঘাত হিসেবে অভিহিত করেছে। কুয়েতের সেনাবাহিনী জানিয়েছে, তারা তাদের আকাশসীমায় ‘শত্রুভাবাপন্ন লক্ষ্যবস্তু’র মোকাবিলা করছে।

এএম