ইরানের উত্তরাঞ্চলীয় গোলেস্তান প্রদেশের আক তাকেহ খান রেলসেতুতে যুক্তরাষ্ট্রের গতকাল (বুধবার, ৮ জুলাই) রাতভর চালানো হামলা আঘাত হেনেছে বলে জানিয়েছে দেশটি। তেহরানের কৌশলগত অংশীদার চীন ও রাশিয়ার সঙ্গে বাণিজ্যের একটি গুরুত্বপূর্ণ সংযোগ পথ এটি। ইরানের বার্তা সংস্থা ফার্স বরাত দিয়ে টাইমস অব ইসরাইলের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
ফার্স জানিয়েছে, তুর্কমেনিস্তান ও কাজাখস্তান হয়ে চলে যাওয়া এই রুটটি চীনের সঙ্গে ইরানের একটি গুরুত্বপূর্ণ স্থল সংযোগ। এই বছর যুক্তরাষ্ট্র ইরানের উপসাগরীয় বন্দরগুলো অবরোধ করার পর এই পথের গুরুত্ব আরও বেড়ে যায়।
সংস্থাটি আরও জানিয়েছে, ২০২৫ সালের শেষদিক থেকে রাশিয়াও ইরানে পণ্য পরিবহনের জন্য এই রুটটি ব্যবহার করে আসছে।