নিহতদের মধ্যে রয়েছেন— এক স্কুলছাত্র, এক বৃদ্ধ ও এক বৃদ্ধা। আহতরা ফরিদপুর ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এসব ঘটনার মধ্যে সবচেয়ে আলোচিত ঘটনা বিকেল সাড়ে ৪টার দিকে ফরিদপুর-খুলনা মহাসড়কের সদর উপজেলার কানাইপুর আখ সেন্টারের সামনে। মোটরসাইকেল ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে কানাইপুর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র মো. সোয়াদ (১৭) নিহত হয়। সে সদর উপজেলার হাট গোবিন্দপুর এলাকার মিজানুর রহমান মামুনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, স্কুল ছুটির পর তিন শিক্ষার্থী একটি মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিল। পথে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে মোটরসাইকেলের তিন আরোহী ও অটোরিকশাচালক গুরুতর আহত হন।
স্থানীয়রা তাদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক সোয়াদকে মৃত ঘোষণা করেন। আহত তৌহিদ হোসেনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অপর শিক্ষার্থী শাওন ও অটোরিকশাচালক মফিজ ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
আরও পড়ুন:
এর আগে সকাল ১১টার দিকে ফরিদপুর মেডিকেল ইনস্টিটিউটের প্রধান ফটকের সামনে মুজিব সড়কে ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় গুরুতর আহত হন আনোয়ার মিয়া (৬০)। পরে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তার মৃত্যু হয়। নিহত আনোয়ার মিয়া আলফাডাঙ্গা উপজেলার চানড়া গ্রামের বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীরা জানান, তিনি সড়ক পার হওয়ার সময় দ্রুতগতির একটি ব্যাটারিচালিত অটোরিকশা তাকে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান। ধাক্কার পর অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
একই দিন বিকেল পৌনে ৫টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের জেলার মধুখালী উপজেলার মাঝকান্দি এলাকায় মোটরসাইকেলের ধাক্কায় নিহত হন মোছা. আমেনা বেগম (৭০)। তিনি মাঝকান্দি গ্রামের মৃত এলাহি শেখের স্ত্রী।
পুলিশ জানায়, রাস্তার পাশ থেকে শুকনো গাছের ডাল সংগ্রহ করে মহাসড়ক পার হওয়ার সময় দ্রুতগতির একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। আঘাতে তিনি কয়েক ফুট দূরে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনার পর মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে।
করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহির হোসেন বলেন, ‘দুইটি দুর্ঘটনার বিষয়ে আইনগত কার্যক্রম চলমান রয়েছে।’
অন্যদিকে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, ‘ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় বৃদ্ধ নিহতের ঘটনায় অটোরিকশাটি জব্দ করা হয়েছে এবং তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।’





