বাজার বিশ্লেষণে দেখা গেছে, আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুড ফিউচারের দাম ১৭ সেন্ট বা ০.২৪ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ৭১.৯৭ ডলারে দাঁড়িয়েছে। অন্যদিকে, ইউএস ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুড ২ সেন্ট বা ০.০৩ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ৬৮.৭১ ডলারে বিক্রি হচ্ছে।
সিটি গ্রুপের বিশ্লেষকরা জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সমঝোতা প্রক্রিয়ার বিষয়টি এখনো বেশ নাজুক। বিশেষ করে হরমুজ প্রণালিতে টোল বা ফি আদায় এবং এর নিয়ন্ত্রণ নিয়ে দুই পক্ষের মধ্যে মতবিরোধ এখনো কাটেনি। তবে তাদের মতে, দুই দেশের মধ্যে হওয়া সমঝোতা স্মারকটি (এমওইউ) আপাতত বজায় থাকবে। কারণ এই মুহূর্তে এই চুক্তি ভেঙে ফেলা কোনো পক্ষের জন্যই লাভজনক হবে না। তেলের বাজারের ভবিষ্যৎ পরিস্থিতি এখন মূলত দোহার আলোচনার অগ্রগতির ওপর নির্ভর করছে।





