মৌলভীবাজারে নৌকা ডুবে চা শ্রমিকের মৃত্যু

প্রতীকী ছবি
প্রতীকী ছবি | ছবি: এখন টিভি
0

মৌলভীবাজারের রাজনগরে হাওরে ধান কেটে ফেরার পথে নৌকা ডুবে রঞ্জন বাউরি (৪০) নামের এক চা শ্রমিকের মৃত্যু হয়েছে। তিনি কমলগঞ্জ উপজেলার চাতলাপুর চা বাগানের ৪৪ নম্বর পাট্টা এলাকার বাসুদেব বাউরির ছেলে।

গতকাল (সোমবার, ৪ মে) বিকেল সাড়ে ৫টার দিকে রাজনগর উপজেলার ফতেপুর ইউনিয়নের কাওয়াদিঘি হাওরের গুলাইয়া বিলে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রঞ্জন বাউরিসহ ৫ থেকে ৬ জন চা শ্রমিক গত ৪ থেকে ৫ বছর ধরে বোরো মৌসুমে রাজনগর উপজেলার ফতেপুর ইউনিয়নের মুনিয়ারপাড় গ্রামের আব্দুর রউফের ধান কাটতে যান। ১৫ দিন ধরে তারা আব্দুর রউফের বাড়িতে থেকে ধান কাটার কাজ করছিলেন। সোমবার বিকেলে ধান কেটে নৌকা বোঝাই করে বাড়ি ফিরছিলেন রঞ্জনসহ কয়েকজন শ্রমিক। হঠাৎ নৌকা ডুবে গেলে সবাই পানিতে পড়ে যান।

আরও পড়ুন:

পরে স্থানীয়রা আরেকটি নৌকা নিয়ে তাদেরকে উদ্ধার করেন। এসময় পানি থেকে রঞ্জনকে উদ্ধার করে রাজনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদ উদ্দিন আহমদ ভূঁইয়া বলেন, ‘তার মরদেহ থানায় রয়েছে। নিহতের স্বজনদের খবর দেয়া হয়েছে এবং মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’

এসএইচ