আ.লীগ আমলে অফিসিয়ালি ও আনঅফিসিয়ালি ৫৬ লাখ কোটি টাকা পাচার হয়েছে: মুক্তিযুদ্ধমন্ত্রী

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান | ছবি: এখন টিভি
0

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আযম খান বলেছেন, একেবারে তলাবিহীন ঝুড়ির মতো একটা অর্থনীতি নিয়ে সরকার রাষ্ট্র পরিচালনা শুরু করেছে। গত ১৫ বছরে আওয়ামী লীগের আমলে অফিসিয়ালি ২৮ লাখ কোটি টাকা পাচার হয়েছে। আরও ২৮ লাখ কোটি টাকা আনঅফিসিয়ালি পাচার হয়েছে। বাংলাদেশ একেবারে তারা খোলা ঝুরা করে তারা দিয়ে গেছে। আর সেই অবস্থায় ১৮ মাস অন্তর্বর্তী সরকার চেষ্টা করে গেছে, কিন্তু এত বড় ধসে ১৮ মাসে তারা কিছুই করতে পারেনি।

আজ (শুক্রবার, ১ মে) বিকেলে টাঙ্গাইলের সখীপুর তালতলা চত্বরে উপজেলা ও পৌর শ্রমিক দলের আয়োজনে মহান মে দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আহমেদ আযম খান বলেন, ‘আমরা কোন দুর্নীতিতে যাবো না। আমাদের সরকারের আমলে আমরা কোনো টাকা পাচারে যাবো না। যেসব শিল্প কারখানা আগের সরকারের আমলে বন্ধ হয়ে গিয়েছিল, সেসব শিল্প কারখানা আবার চালু করবো। আর অর্থনৈতিক কর্মকাণ্ড আমরা এমনভাবে সততার আর নিষ্ঠার সঙ্গে শুরু করে দিয়েছি, যাতে করে আগামী বছর গড়াতে না গড়াতেই দৃশ্যমান হয় যে বাংলাদেশের অর্থনীতি দাঁড়িয়ে গেছে। আর তখনি আমাদের বাংলাদেশের শ্রমিকরা তাদের ন্যায্য পাওনা পেয়ে যাবে, এবং আমরা সেটাকে নিশ্চিত করবো।’

আরও পড়ুন:

তিনি বলেন, ‘আমরা বিশ্বাস করি শ্রমিক যখন তার ন্যায্য পাওনা নিয়ে দাঁড়িয়ে যাবে, কৃষক যখন স্বচ্ছল হয়ে যাবে, বাংলাদেশের শিল্প কারখানা যখন দাঁড়িয়ে যাবে, সব সেক্টর যখন স্বনির্ভর হয়ে যাবে, তখনই বাংলাদেশ বিশ্বের বুকে স্বনির্ভর দেশ হিসেবে মাথা উঁচু করে দাঁড়াবে।’

এসময় অনুষ্ঠানে উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক মতিন মিয়ার সভাপতিত্বে আরও বক্তব্য দেন অর্থ মন্ত্রণালয়ের সহকারী সচিব আমিন শরীফ সুপন, উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল রনী, উপজেলা বিএনপির সাবেক সভাপতি খোরশেদ আলম মাস্টার, ভারপ্রাপ্ত সভাপতি নাজিম উদ্দিন মাস্টার প্রমুখ।

এসএস