শান্তি আলোচনা: প্রস্তাব নিয়ে পাকিস্তানে আরাঘচি, আজ যাচ্ছেন কুশনার ও উইটকফ

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি পাকিস্তানে পৌঁছান
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি পাকিস্তানে পৌঁছান | ছবি: সংগৃহীত
2

যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি আলোচনা পুনরায় শুরুর প্রস্তাব নিয়ে আলোচনার জন্য গতকাল (শুক্রবার, ২৪ এপ্রিল) রাতে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। তেহরান ও ওয়াশিংটনের মধ্যে সরাসরি বৈঠকের বিষয়ে পরস্পরবিরোধী সংকেতের মধ্যেই এই সফর অনুষ্ঠিত হচ্ছে।

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট জানিয়েছেন, ইরানের সঙ্গে আলোচনা চালিয়ে যেতে মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ এবং ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার আজ (শনিবার, ২৫ এপ্রিল) সকালে পাকিস্তানের উদ্দেশে রওনা হবেন। ফ্র্যান্স ২৪ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

লেভিট বেশ ইতিবাচক সুরেই বলেন, ‘সাম্প্রতিক দিনগুলোতে ইরানের পক্ষ থেকে কিছু অগ্রগতি দেখা গেছে এবং এই সপ্তাহান্তে আরও ভালো কিছুর প্রত্যাশা করছে যুক্তরাষ্ট্র।’ এমনকি আলোচনা সফল হলে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সও পাকিস্তানে যোগ দিতে পারেন বলে তিনি জানান।

আরাঘচির সফর ও তেহরানের অবস্থান
পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী নিশ্চিত করেছেন যে, আরাঘচি ইসলামাবাদে পাকিস্তানি উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে শান্তি প্রচেষ্টা নিয়ে বৈঠক করবেন। আরাঘচি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) লিখেছেন, ‘দ্বিপাক্ষিক ও আঞ্চলিক বিষয়ে অংশীদারদের সঙ্গে সমন্বয় করতে তিনি পাকিস্তান, ওমান ও রাশিয়া সফর করছেন।’

পাকিস্তানি সরকারি সূত্রগুলো বলছে, আরাগচির এই সফর সংক্ষিপ্ত হবে এবং তিনি মূলত যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার বিষয়ে ইরানের নতুন প্রস্তাবগুলো তুলে ধরবেন, যা মধ্যস্থতাকারী পাকিস্তান ওয়াশিংটনকে পৌঁছে দেবে। তবে আগের দফার আলোচনার প্রধান মোহাম্মদ বাঘের গালিবাফ এবার আরাঘচির সঙ্গে আছেন কি না, তা উল্লেখ করা হয়নি।

লেবানন পরিস্থিতি ও শর্ত
ইরান শুরু থেকেই লেবাননে ইসরাইল ও হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতিকে আলোচনার অন্যতম পূর্বশর্ত হিসেবে দাবি করে আসছে। যদিও গত বৃহস্পতিবার হোয়াইট হাউসে ট্রাম্পের মধ্যস্থতায় ইসরাইল ও লেবানন যুদ্ধবিরতির মেয়াদ আরও তিন সপ্তাহ বাড়াতে সম্মত হয়েছে, তবে মাঠপর্যায়ে সংঘাত থামার লক্ষণ কম। হিজবুল্লাহর সংসদ সদস্য আলী ফায়াদ এই মেয়াদ বৃদ্ধিকে ‘অর্থহীন’ বলে অভিহিত করেছেন। শুক্রবার দক্ষিণ লেবাননে ইসরাইলি হামলায় হিজবুল্লাহর ৬ সদস্য নিহত হওয়ার দাবি করেছে ইসরাইলি বাহিনী।

হরমুজ প্রণালিতে অচলাবস্থা
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তিনি কোনো তাড়াহুড়ো করতে চান না এবং একটি ‘চিরস্থায়ী’ চুক্তি করতে চান। তবে আট সপ্তাহ ধরে চলা এই যুদ্ধে হরমুজ প্রণালি কার্যত বন্ধ থাকায় বিশ্ব অর্থনীতি চাপের মুখে রয়েছে। গত ২৪ ঘণ্টায় মাত্র ৫টি জাহাজ এই প্রণালি অতিক্রম করতে পেরেছে, যেখানে যুদ্ধের আগে প্রতিদিন গড়ে ১৩০টি জাহাজ যাতায়াত করতো।

যুক্তরাষ্ট্র গত সপ্তাহে ইরানি বন্দরে নৌ-অবরোধ আরোপ করার পর ইরান সাফ জানিয়ে দিয়েছে যে, এই অবরোধ না তোলা পর্যন্ত তারা হরমুজ প্রণালি উন্মুক্ত করবে না। তেলের বাজার বর্তমানে অত্যন্ত অস্থিতিশীল হয়ে পড়েছে এবং ব্রেন্ট ক্রুড ব্যারেলপ্রতি ১০৫ ডলারের ওপরে লেনদেন হচ্ছে।

এএম