দেশের ঘরোয়া লিগের সূচি নিয়ে দ্বন্দ্ব চলছেই, পেছালো দ্বিতীয় রাউন্ডের খেলা

বাফুফে ভবন
বাফুফে ভবন | ছবি: এখন টিভি
0

দেশের ঘরোয়া ফুটবল মানেই যেন এক অন্তহীন গোলকধাঁধা। শুরু থেকেই সূচি নিয়ে ছিলো টালবাহানা, তা এবার রূপ নিয়েছে প্রকাশ্য দ্বন্দ্বে। মোহামেডান, আবাহনী আর ব্রাদার্স ইউনিয়নের দফায় দফায় চিঠির চাপে শেষ পর্যন্ত নতি স্বীকার করলো বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। তবে অন্য ক্লাবগুলোর ক্ষোভ থেকে বাঁচতে দ্বিতীয় রাউন্ডের খেলাই এবার পিছিয়ে দেয়া হয়েছে।

কাগজে-কলমে পেশাদার লিগ হলেও ক্লাবগুলো আর বাফুফের কর্মকাণ্ডে মনে হয় যেন পাড়ার ফুটবল। মৌসুমের শুরু থেকেই বাফুফের দেয়া সূচি নিয়ে আপত্তি ছিল ক্লাবগুলোর। কয়েকটি ক্লাবের খেলোয়াড় জাতীয় দলে থাকায় সেটিকে অজুহাত বানিয়ে মাঠে নামতে শুরু থেকেই চলছিলো নানা টালবাহানা।

আবাহনী, মোহামেডান এবং ব্রাদার্স ইউনিয়ন এই তিন ক্লাব একের পর এক চিঠি দিয়ে সূচি পরিবর্তনের চাপ দিতে থাকে ফেডারেশনকে। পরিপ্রেক্ষিতে মোহামেডানের লিগের ম্যাচসহ ফেড কাপ এবং ফেডারেশন কাপে আবাহনী ও ব্রাদার্স ইউনিয়নের প্রথম ম্যাচের সময়সূচি পরিবর্তন করে বাফুফে।

বড় দলগুলোর এমন ফরমায়েশি আবদার মেটাতে গিয়ে বড় বিপদে পড়েছে ফেডারেশন। লিগের বাকি ক্লাবগুলোর ক্ষোভ আর সমালোচনার মুখে পড়ে এবার ডিফেন্সিভ মুডে বাফুফে। এতসব জটিলতার মধ্যে কোনোমতে প্রথম রাউন্ড পার করলেও দ্বিতীয় রাউন্ড শুরুর আগেই খেলা স্থগিত করতে বাধ্য হয় ফেডারেশন।

আরও পড়ুন:

এক সপ্তাহ পিছিয়ে নতুন সূচি অনুযায়ী আসিয়ান কাপ শেষে আগামী ২ অক্টোবর থেকে আবার মাঠে গড়াবে ফুটবল লিগের দ্বিতীয় রাউন্ড। ১৮ সেপ্টেম্বর মৌসুম শুরু হওয়ার পরে এ নিয়ে মাত্র পাঁচ দিনের ব্যবধানে চারবার ফিকশ্চারে পরিবর্তন করলো ফেডারেশন।

রহমতগঞ্জ এমএফএসের সভাপতি টিপু সুলতানের সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘আমাদের ছোট ছোট ক্লাবগুলোর কথা শোনে না তারা। বড় ক্লাবগুলোকে মূল্যায়ন করা হয়। মধ্যমসারির ক্লাবগুলোকে কম মূল্যায়ন করা হয়।’

তবে এর আগেই মাঠে গড়াবে ফেডারেশস কাপের স্থগিত হয়ে যাওয়া একটি ম্যাচ। ২৫ সেপ্টেম্বর ফেডারেশন কাপে মুখোমুখি হবে চট্টগ্রাম সিটি এএফসি ও আবাহনী লিমিটেড। এরপর আসিয়ান কাপের ব্যস্ততা শেষে ২ অক্টোবর থেকে শুরু হবে ঘরোয়া ফুটবলের বাকি ম্যাচগুলো।

ঘরোয়া ফুটবলের নতুন মৌসুম যেখানে মাঠের প্রতিদ্বন্দ্বিতা দিয়ে জমে ওঠার কথা। সেখানে দেখা যাচ্ছে, যে যার সুবিধা মতো সূচি পরিবর্তনে ব্যস্ত। এমন টানাপোড়েনের মধ্যে দ্বিতীয় রাউন্ডে নির্ধারিত নতুন সূচি ধরে রেখে মাঠে খেলা শুরু করাটাই বাফুফের সামনে এখন বড় চ্যালেঞ্জ।

এসএইচ