ফতুল্লায় ভয়াবহ অগ্নিকাণ্ড; ফায়ারের ৮ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণ

ফতুল্লার ভয়াবহ অগ্নিকাণ্ডের একটি স্থিরচিত্র
ফতুল্লার ভয়াবহ অগ্নিকাণ্ডের একটি স্থিরচিত্র | ছবি: এখন টিভি
0

নারায়ণগঞ্জের ফতুল্লার পূর্ব কায়েমপুর এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে একাধিক ঝুটের গুদাম, চায়ের দোকান ও মোটরসাইকেল পার্টসের দোকানসহ বেশ কয়েকটি ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের আট ইউনিটের প্রায় এক ঘণ্টার চেষ্টায় এ আগুনে নিয়ন্ত্রণ আসে।

আজ (শুক্রবার, ২৪ এপ্রিল) সন্ধ্যায় ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের পূর্ব পাশে এ ঘটনা ঘটে।

আগুন লাগার খবর পেয়ে প্রথমে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। আগুনের তীব্রতা বাড়তে থাকায় পরে আরও চারটি ইউনিট যোগ দেয়। পরে মোট আটটি ইউনিটের প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

স্থানীয়দের ভাষ্যমতে, একটি ঝুটের গুদাম থেকে আগুনের সূত্রপাত হয় এবং তা মুহূর্তের মধ্যে পাশের চায়ের দোকান, মোটরসাইকেল পার্টসের দোকান এবং আরও কয়েকটি ঝুটের গুদামে ছড়িয়ে পড়ে। এতে আগুনের শিখা ও ঘন ধোঁয়ায় পুরো এলাকা আচ্ছন্ন হয়ে যায়। এ অগ্নিকাণ্ডের ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং অনেকে ছোটাছুটি শুরু করেন।

আরও পড়ুন:

এ আগুনে ক্ষতিগ্রস্তদের মধ্যে একজন বলেন, ‘হঠাৎ আগুন দেখে কিছুই বের করতে পারিনি, চোখের সামনে সব পুড়ে গেছে।’

ফায়ার সার্ভিস সূত্র জানায়, হাজীগঞ্জ ও মন্ডলপাড়া স্টেশনের আটটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন লাগার কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি।

ঢাকা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-পরিচালক কাজী নজমুজ্জামান বলেন, ‘প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। আগুনের সূত্রপাতের কারণ তদন্ত করে জানা যাবে।’

নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. রায়হান কবির জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আগুনের কারণ তদন্ত শেষে নিশ্চিত করা হবে।

এসএইচ