মানিকগঞ্জে নদীতে ভাসমান অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

নদীতে ভাসমান অজ্ঞাত ব্যক্তির মরদেহ
নদীতে ভাসমান অজ্ঞাত ব্যক্তির মরদেহ | ছবি: এখন টিভি
0

মানিকগঞ্জের ঘিওরে কালীগঙ্গা নদী থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ (সোমবার, ২০ এপ্রিল) বিকেলে উপজেলার বালিয়াখোড়া ইউনিয়নের পূর্বকুমুলী এলাকা সংলগ্ন নদী থেকে ভাসমান অবস্থায় এ মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার বিকেলের দিকে কালীগঙ্গা নদীর পূর্বকুমুলী এলাকায় একটি মরদেহ ভাসতে দেখেন স্থানীয় বাসিন্দারা। মুহূর্তের মধ্যেই খবরটি চারপাশে ছড়িয়ে পড়লে নদীর পাড়ে উৎসুক জনতার ভিড় জমে।

স্থানীয়রা তাৎক্ষণিকভাবে বিষয়টি ঘিওর থানা পুলিশকে অবহিত করেন। খবর পেয়ে ঘিওর থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি পানি থেকে উদ্ধার করে।

আরও পড়ুন:

ঘিওর থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমান বলেন, ‘সোমবার বিকেলে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে আমরা পূর্বকুমুলী এলাকা থেকে অজ্ঞাত ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করি। সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।’

তিনি বলেন, ‘উদ্ধারকৃত ব্যক্তির পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। এটি হত্যাকাণ্ড নাকি অন্য কোনো দুর্ঘটনা, তা ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে। বর্তমানে পুলিশের পক্ষ থেকে নিহতের পরিচয় শনাক্ত ও মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনের চেষ্টা চলছে।’

এসএইচ