ইসলামাবাদে ২১ ঘণ্টার ঐতিহাসিক বৈঠক ব্যর্থ হওয়ার পর আবারও তৈরি হয়েছে কূটনৈতিক আলোচনার প্রেক্ষাপট। রয়টার্স ও এপি’র খবর অনুযায়ী, ইসলামাবাদ বৈঠকের পর পাকিস্তানের মাধ্যমে তেহরানের সঙ্গে বেশ কিছু বার্তা আদান-প্রদান করেছে ওয়াশিংটন। তবে এখনও দুই পক্ষের মূল বিরোধের জায়গা পরমাণু সমৃদ্ধকরণ কর্মসূচি।
নিউইয়র্ক টাইমসসহ বেশ কিছু গণমাধ্যম জানিয়েছে, আগামী ২০ বছরের জন্য ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি স্থগিত রাখতে ইরানকে সরাসরি প্রস্তাব দেয় যুক্তরাষ্ট্র। জবাবে ২০ বছরের পরিবর্তে ৫ বছরের জন্য ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থগিত রাখার প্রস্তাব দিয়েছে ইরান। আর যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য চুক্তির অংশ হিসেবে ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম আবারও গ্রহণ করতে আগ্রহ জানিয়েছে রাশিয়া।
আরও পড়ুন:
নিউ ইয়র্ক টাইমসের দাবি, সমঝোতার পরিবেশ সৃষ্টি না হলেও প্রস্তাব এবং পাল্টা প্রস্তাবের মাধ্যমে আলোচনার সুযোগ তৈরি হয়েছে। আর ৯ দিন পর শেষ হবে ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির মেয়াদ, তাই হরমুজ অবরোধ ঘিরে উত্তেজনা বাড়লেও সমাধানের পথ খোঁজার চেষ্টা করছে দু’পক্ষই। ইরান ইন্টারন্যাশনালের খবর, এমন পরিস্থিতিতে দ্বিতীয় দফায় ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা আয়োজন করতে চায় মধ্যস্থতাকারী দেশ পাকিস্তান।
তবে পরমাণু অস্ত্র তৈরির পরিকল্পনা বাদ দেয়ার আগ পর্যন্ত তেহরানের সঙ্গে কোনো আলোচনা নয় বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্প আরও দাবি করেছেন, নতুন করে আলোচনার জন্য যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ শুরু করেছে ইরান।
আলোচনা প্রসঙ্গে সরাসরি কোনো মন্তব্য করেনি ইরান। তবে হরমুজ অবরোধ ও যুক্তরাষ্ট্র-ইসরাইলের অবৈধ আগ্রাসনের প্রতিবাদে ব্যাপক বিক্ষোভ হয়েছে রাজধানী তেহরানে। এদিকে মার্কিন অবরোধের মধ্যেই হরমুজ পার হয়েছে নিষেধাজ্ঞার কবলে পড়েছে ইরানগামী আরও একটি তেলবাহী ট্যাংকার।
আরও পড়ুন:
হোয়াইট হাউজের দাবি, সোমবার থেকে পার হয়েছে মোট ৩৪টি জাহাজ, যার একটিও ইরানিদের নয়। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, হরমুজ অবরোধ ইস্যুর সঙ্গে আন্তর্জাতিক স্বার্থ কোনোভাবেই জড়িত নয়।
এদিকে মঙ্গলবার ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে শান্তি আলোচনায় বসবে লেবানন ও ইসরাইলের প্রতিনিধিদল। এরইমধ্যে এই বৈঠক প্রত্যাখ্যান করে আলোচনা বাতিলের দাবি জানিয়েছে লেবাননের হিজবুল্লাহ।
সংগঠনটির প্রধান জানিয়েছেন স্থায়ী যুদ্ধবিরতি ও ইসরাইলি সেনা প্রত্যাহার ছাড়া কোনো শর্তই মানবে না তারা। তবে আলোচনার এই প্রেক্ষাপটেও মঙ্গলবার ভোর থেকে দক্ষিণ লেবানিজ সীমান্তে দফায় দফায় হামলা করেছে ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী।





