দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৩

মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ
মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ | ছবি: এখন টিভি
0

মানিকগঞ্জের শিবালয় উপজেলায় ঢাকা-আরিচা মহাসড়কে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মিলন মিয়া (২২) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন।

আজ (বৃহস্পতিবার, ৯ এপ্রিল) বিকেল ৪টার দিকে উপজেলার ক্ষুদ্র টেপড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মিলন শিবালয় উপজেলার ফলসাটিয়া এলাকার বাসিন্দা রাহাদ আলীর ছেলে। দুর্ঘটনায় আহতরা হলেন— মো. উজ্জল (৩০), আকিবুল (১৯) ও মোহাম্মদ আলী (২৫)। আহতদের উদ্ধার করে মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে, যেখানে তারা চিকিৎসাধীন রয়েছেন।

আরও পড়ুন:

হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, মানিকগঞ্জগামী একটি মোটরসাইকেলের সঙ্গে বিপরীত দিক থেকে আসা পাটুরিয়াগামী আরেকটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে চারজনই গুরুতর আহত হন। পরে স্থানীয়দের সহায়তায় তাদের উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মিলন মিয়াকে মৃত ঘোষণা করেন।

বরংগাইল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অতিরিক্ত গতি ও বেপরোয়া চালনার কারণেই এ দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনাকবলিত দুইটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

এফএস