মুরগির বাজার চড়া, আগের দামে গরু-খাসি

মাংস ও মুরগির বাজারের ছবি
মাংস ও মুরগির বাজারের ছবি | ছবি: এখন টিভি
0

ঈদের পর রাজধানীর বাজারে ব্রয়লার মুরগির দাম কিছুটা কমলেও অন্য মুরগির দাম এখনো চড়া রয়েছে। একইসঙ্গে গরু ও খাসির মাংসের দাম প্রায় অপরিবর্তিত রয়েছে।

আজ (শুক্রবার, ২৭ মার্চ) রাজধানীর উত্তরার সমবায় বাজার ঘুরে দেখা যায়, ব্রয়লার মুরগি প্রতি কেজি ১৯০ টাকায় বিক্রি হচ্ছে। লেয়ার ৩২০ টাকা, সোনালী ৩৬০ টাকা এবং পাকিস্তানি কক ৩৯০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। দেশি মুরগি আকারভেদে ৫৫০ থেকে ৭০০ টাকা কেজি পর্যন্ত বিক্রি হচ্ছে।

বিক্রেতারা জানান, ব্রয়লারের সরবরাহ কিছুটা বাড়ায় এর দাম কমেছে। তবে অন্যান্য মুরগির সরবরাহ কম থাকায় দাম অপরিবর্তিত রয়েছে।

মাংসের বাজারে গরুর মাংস মানভেদে ৭৫০ থেকে ৮৫০ টাকা এবং খাসির মাংস ১ হাজার টাকা কেজিতে বিক্রি হচ্ছে। এসব পণ্যের দামেও তেমন পরিবর্তন নেই।

এদিকে মাছের বাজারে সরবরাহ কিছুটা কম থাকলেও দামে বড় কোনো পরিবর্তন দেখা যায়নি। রুই মাছ কেজিপ্রতি ৩৫০ থেকে ৪২০ টাকা, কাতলা ৩২০ থেকে ৩৮০ টাকা, তেলাপিয়া ২০০ থেকে ২৮০ টাকা এবং পাঙ্গাস ১৮০ থেকে ২৫০ টাকায় বিক্রি হচ্ছে। শিং-মাগুর ৫৫০ থেকে ৭৫০ টাকা এবং বড় মাছ যেমন বোয়াল ও চিতল ৮০০ থেকে ১ হাজার টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

আরও পড়ুন:

অন্যান্য মাছের মধ্যে ছোট চিংড়ি ৩০০ থেকে ৩৫০ টাকা, কাঁচকি ৪৫০ থেকে ৫০০ টাকা, মলা ৩০০ থেকে ৩৫০ টাকা এবং গলদা চিংড়ি ৬৫০ থেকে ৭৫০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।

অন্যদিকে, সরকারি সংস্থা ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) জানায়, গত এক সপ্তাহে চাল, আটা, পেঁয়াজসহ বেশ কিছু নিত্যপণ্যের দাম কমেছে। মোটা চালের দাম কমে ৫০ থেকে ৫৫ টাকা কেজিতে নেমেছে। প্যাকেটজাত আটার দামও কমে ৫০ থেকে ৬০ টাকায় বিক্রি হচ্ছে।

টিসিবির দেয়া তথ্যে আরও দেখা যায়, দেশি পেঁয়াজের দাম কমে ৩০ থেকে ৪৫ টাকায় নেমেছে। পাশাপাশি রসুন ও আদার দামও কিছুটা কমেছে। সবজির মধ্যে কাঁচামরিচের দাম সবচেয়ে বেশি কমে ৬০ থেকে ৮০ টাকায় নেমেছে।

তবে ডালের বাজারে মিশ্র চিত্র দেখা গেছে। ছোট দানার মশুর ডালের দাম কমলেও বড় দানার ডালের দাম কিছুটা বেড়েছে। ভোজ্যতেলের দাম গত সপ্তাহে নতুন করে না বাড়লেও আগের তুলনায় কিছুটা বেশি অবস্থানে রয়েছে।

এসএইচ