আরও একবার প্রশ্নের মুখে বাংলাদেশের মিডল অর্ডার। বড় রানের চাপ সামাল দিতে ব্যর্থ দেশের ক্রিকেটের বড় নামেরা। একের পর এক অহেতুক শটে সম্ভাবনা জাগিয়েও মিরপুরে আরও একটা হারের স্ক্রিপ্ট লিখলো বাংলাদেশ। পাকিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে টাইগাররা হারলো বড় ব্যবধানেই।
২৭৫ রানের লক্ষ্যে খেলতে নেমে ১৫ রানেই বাংলাদেশ হারিয়েছিল তিন উইকেট। এরপর বৃষ্টির বিরতি টপকে খেলা যখন আবার মাঠে গড়ায় তখন লক্ষ্য ৩২ ওভারে ২৪৩ রান। তবে লিটন দাস আর তাওহীদ হৃদয়ের ব্যাটে চড়ে লম্বা লক্ষ্যটাও নাগালের মাঝেই রেখেছিল স্বাগতিকরা।
আরও পড়ুন:
কিন্তু লিটনের এক আউটেই যেন বদলে গেল সবকিছু। সন্ধ্যার কালবৈশাখী তখন ভর করেছে বাংলাদেশের ব্যাটিং ইউনিটে। ৮ রানের ব্যবধানে বাংলাদেশ হারায় চার উইকেট। দলীয় ১১৪ রানে শেষ উইকেটের পতনে বড় হার নিশ্চিত হয় টাইগারদের।
এর আগে মাজ সাদাকাতের ঝড়ো ৭৫ রানে উড়ন্ত সূচনা পায় পাকিস্তান। পাওয়ার প্লে’র পর বাংলাদেশের বোলিং কিছুটা ফিরে এলেও সালমান আলী আগা আর মোহাম্মদ রিজওয়ানের ধৈর্যশীল ব্যাটিং ভয় ধরায় বাংলাদেশকে।
কিন্তু মিরাজের বুদ্ধিদীপ্ত রান আউটে ৬৪ রান করা আগা সাজঘরে ফিরলে বাংলাদেশ বুঝে পায় ম্যাচের লাগাম। তবে ততক্ষণে স্কোরবোর্ডে বড় পুঁজি দাঁড় করিয়ে নেয় পাকিস্তান। বাংলাদেশকে ১২৮ রানের বড় ব্যবধানে হারানোর জন্য সেটাই হয়ে যায় যথেষ্ট।





