স্থানীয় ও থানা-পুলিশ সূত্রে জানা গেছে, ধামইরহাটের নেংড়াপীর–ইসবপুর সড়কের তেতুলতলী মোড়ে এনতাজুল ও তার সহযোগী দুলু মৌলভী খাসির মাংস বিক্রি করতেন। তারা বাড়ি থেকে মাংস এনে বাজারে বিক্রি করতেন বলে জানা যায়। রোববার সকালে এনতাজুলের বাড়িতে কুকুর ধরে জবাই করার বিষয়টি স্থানীয়দের নজরে আসে। খবরটি দ্রুত বাজারে ছড়িয়ে পড়লে অভিযুক্তরা মাংস ফেলে দোকান থেকে পালিয়ে যায়। অল্প সময়েই শত শত নারী-পুরুষ ঘটনাস্থলে ভিড় করেন।
আরও পড়ুন:
জাহানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম কিবরিয়া জানান, ঘটনাস্থল থেকে প্রায় ২৫ কেজি কুকুরের মাংস উদ্ধার করা হয়েছে এবং সেগুলো অপসারণের ব্যবস্থা নেয়া হচ্ছে। অভিযুক্ত এনতাজুল ও দুলু মৌলভী পলাতক রয়েছেন।
ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান বলেন, ‘সংবাদ পাওয়ার পরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। সেখান থেকে জবাইকৃত কুকুরের মাথা, চামড়া ও মাংস জব্দ করা হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।’





