Recent event

বৃষ্টিতে পাহাড় ধসের শঙ্কা; লামায় ৭৫ পর্যটন রিসোর্ট বন্ধ ঘোষণা

পর্যটন রিসোর্ট
পর্যটন রিসোর্ট | ছবি: এখন টিভি
0

কয়েকদিনের টানা বৃষ্টিতে বান্দরবানের লামায় পাহাড় ধসের শঙ্কায় সব পর্যটন রিসোর্ট ফের বন্ধ ঘোষণা করেছে উপজেলা প্রশাসন। আজ (বৃহস্পতিবার, ১০ জুলাই) প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা প্রস্তুতি কমিটির বৈঠকে উপজেলার ৭৫টি রিসোর্ট বন্ধ ঘোষণার সিদ্ধান্ত নেয়া হয়।

লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মঈন উদ্দীন বলেন, ‘কয়েকদিনের টানা ভারী বর্ষণের ফলে পাহাড়ি ঢালুতে অবস্থিত রিসোর্টে পাহাড় ধস ও প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কা দেখা দিয়েছে। এ কারণে প্রাণহানির সম্ভাবনা থাকায় মিরিঞ্জা ভ্যালিসহ লামার বিভিন্ন পর্যটন স্পটের ৭০-৭৫টি রিসোর্ট আজ ১০ জুলাই থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সাময়িক বন্ধ থাকবে। আবহাওয়া স্বাভাবিক হলে বিগত সময়ের মতো ফের রিসোর্টগুলো খুলে দেয়া হবে।’

বান্দরবান আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা সনাতন কুমার মণ্ডল জানান, দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর কারণে গত ৭ জুলাই থেকে আজ ১০ জুলাই সকাল ৬টা পর্যন্ত ১৯৪ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। আগামী শুক্র-শনিবার দুই দিন বৃষ্টিপাতের সম্ভাবনা কম হলেও আগামী রোববার (১৩ জুলাই) থেকে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

প্রসঙ্গত, এর আগেও ১ জুন বৈরী আবহাওয়ায় প্রাণহানি এড়াতে বান্দরবানের লামা উপজেলায় প্রায় ৬০ রিসোর্ট সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছিল স্থানীয় প্রশাসন।

সেজু