জার্মানির ভাগ্য বদলাতে এলেন ক্লপ

ইয়ুর্গেন ক্লপ
ইয়ুর্গেন ক্লপ | ছবি: সংগৃহীত
0

জার্মানি জাতীয় ফুটবল দলের নতুন প্রধান কোচ হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব পেলেন ইয়ুর্গেন ক্লপ। ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত দলটির সাথে চুক্তি করেছেন ৫৯ বছর বয়সী এই জার্মান কোচ।

দিশেহারা জার্মানি জাতীয় ফুটবল দলের হাল ধরতে ত্রাতা হয়ে ফিরলেন ঘরের ছেলে ইয়ুর্গেন ক্লপ। সবশেষ এক দশকে মাত্র একবারই মেজর কোনো টুর্নামেন্টের সেমিফাইনালে উঠতে পেরেছে চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

২০১৬ এর সেই ইউরো সেমির পর তিন বিশ্বকাপ ও দুই ইউরোতে ভরাডুবি হওয়ায় এখন যেন এক প্রকার অস্তিত্ব সংকটেই ভুগছে জার্মান ফুটবল।

শুধু খারাপ পারফরম্যান্সই নয়, জার্মানরা যেন হারিয়ে ফেলেছে তাদের বিখ্যাত নির্দয়, যান্ত্রিক ফুটবলের দর্শনটাই। তাইতো জার্মান ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি বের্ন্ড নয়েনডর্ফ জানালেন, নিজেদের আভিজাত্য ও ঐতিহ্য ফেরাতে ডাই মানশাফটদের প্রথম পছন্দ ছিলো ক্লপই।

নিজের ‘গেগেন প্রেসিং’ ফুটবলীয় দর্শনে দলকে পুনরায় পরাশক্তিতে রূপান্তর করবেন এই ৫৯ বছর বয়সী অভিজ্ঞ কোচ— এমনটাই বিশ্বাস ভক্তদের।

আরও পড়ুন:

নতুন দায়িত্ব পেয়ে আশার বানী শোনালেন ক্লপও। তিনি জানান, জাতীয় দল এমন একটি বিষয় যা জার্মানদের একসূত্রে বাঁধে, আর সেই কারণেই এই দায়িত্ব তার কাছে বিশেষ। আগামী ২৪ সেপ্টেম্বর নেদারল্যান্ডসের বিপক্ষে নেশনস লিগ ম্যাচ দিয়ে শুরু হবে ক্লপের অধ্যায়।

ক্লপের কোচিং স্টাফে থাকছেন তার দীর্ঘদিনের সহযোগী পেপ লিন্ডার্স এবং পিটার ক্রাভিয়েটও।তবে তার মূল লক্ষ্য অবশ্য ইউরো ২০২৮ এবং ২০৩০ বিশ্বকাপকে সামনে রেখে নতুন করে দলকে গড়ে তোলা। ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখির মতো উড়াল দিতে তার থেকে আর কেই বা ভালো পারে!

ক্লাব ফুটবলে ক্লপের অভিজ্ঞতা ঈর্ষণীয়। মাইনৎস, বরুসিয়া ডর্টমুন্ড ও লিভারপুল এই তিন ক্লাব মিলিয়ে তিনি প্রায় ১ হাজারেরও বেশি ম্যাচে প্রধান কোচের দায়িত্ব পালন করেছেন।

ডর্টমুন্ডকে দু’টি বুন্দেসলিগা শিরোপা এবং লিভারপুলকে প্রিমিয়ার লিগ, চ্যাম্পিয়ন্স লিগসহ ছয়টি বড় ট্রফি জিতিয়েছেন। এবার সেই সফল কোচের কাঁধেই দায়িত্ব পড়ল জার্মান ফুটবলের হারানো গৌরব ফিরিয়ে আনার।

এসএইচ