ভেস্তে গেলো ইতালি-গার্দিওলা চুক্তি, কে ধরবে আজ্জুরিদের হাল?

পাওলো মালদিনি; পেপ গার্দিওলা
পাওলো মালদিনি; পেপ গার্দিওলা | ছবি: এখন টিভি
0

টানা তিন বিশ্বকাপে জায়গা না পেয়ে ধুঁকতে থাকা ইতালি সাবেক তারকা পাওলো মালদিনিকে ডিরেক্টর বানিয়ে মহাযজ্ঞ শুরু করলো। শুরুতেই মালদিনি নিজেদের ফুটবলকে জাগিয়ে তুলতে কোচ হিসেবে হাত বাড়িয়েছিলো পেপ গার্দিওলার দিকে। তবে মোটা অঙ্কের বেতন আর দীর্ঘমেয়াদি পরিকল্পনার কাছে আটকে গেলো ইতালি আর গার্দিওলার চুক্তি।

টানা তিনবার বিশ্বকাপে উঠতে না পারার লজ্জায় থাকা ইতালিয়ান ফুটবল এখন নতুন ভোরের খোঁজে। আজ্জুরিদের হারিয়ে যাওয়া গৌরব ফেরাতে টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে আনা হয় কিংবদন্তি পাওলো মালদিনিকে। দায়িত্ব নিয়ে স্বদেশীয় কোচ আনচেলত্তির সঙ্গে আলোচনাও করেন সাবেক এই বিশ্বকাপ জয়ী তারকা, তবে সদ্যই ব্রাজিল ফুটবলের দায়ীত্ব নেয়া আনচেলত্তি ফিরিয়ে দেয় ইতালির দীর্ঘ মেয়াদি প্রজেক্ট। এরপর মালদিনিদের, মূল লক্ষ্য হয়ে ওঠেন পেপ গার্দিওলা।

সিটি ছাড়ার পর পরিবারকে সময় দেয়ার পরিকল্পনা থাকলেও ইতালি গার্দিওলাকে ফেরাতে সর্বোচ্চ চেষ্টাও চালায়। এরপর এটা নিয়ে গুঞ্জনও ওঠে, ইতালি দলের দায়িত্ব নিতে বছরে প্রায় ২০ মিলিয়ন ইউরো বেতন দাবি করেছিলেন গার্দিওলা। যেখানে ইতালিয়ান ফুটবল ফেডারেশনের পক্ষে ১০ মিলিয়ন ইউরোর বেশি দেয়া প্রায় অসম্ভব ছিলো।

আরও পড়ুন:

শুধু অতিরিক্ত বেতনের চাওয়াই নয়, ইতালি ফুটবল ফেডারেশন চায় তাদের ডাগআউটে যিনি আসবেন তাকে দায়ীত্ব নিতে হবে ইতালির ফুটবলকে পুনর্জাগরণ করার। অর্থাৎ আগামী ১০ বছরের পরিকল্পনা সামনে নিয়ে দাঁড়াতে হবে আজ্জুরিদের ডাগআউটে।

তবে জাতীয় দলের স্কাউটিংয়ের চেয়ে প্রতিদিনের ক্লাব ট্রেনিং গ্রাউন্ডেই নিজেকে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন ৫৫ বছর বয়সী স্প্যানিশ এই ট্যাকটিশিয়ান। তাই বলা যায় শুধু অর্থের কারনে নয় গার্দিওয়ালার সঙ্গে চুক্তি আটকে গেছে ইতালির দীর্ঘমেয়াদি প্রজেক্টের কাছেও।

অবশেষে ইতালিকে আনুষ্ঠানিকভাবে ‘না’ বলেই দিয়েছেন গার্দিওলা। ফলে আজ্জুরিদের ঘুরে দাঁড়ানোর মেগা প্রজেক্ট ধাক্কা খেলো শুরুতেই। গার্দিওলা মুখ ফিরিয়ে নেয়ায়, ইতালির নতুন কোচ হওয়ার দৌড়ে এখন সবার ওপরে সাবেক তারকা আন্দ্রেয়া পিরলো।

এসএইচ