ম্যাটলাই স্টেডিয়াম ঘেঁষা নিউজার্সির মরক্কো অধ্যুষিত এলাকাগুলোতে বসেছিলো ফুটবল প্রেমীদের মিলনমেলা। টিকিটের দাম আকাশচুম্বী হওয়ায় প্রবাসী মরোক্কানদের উদ্যোগে বড় পর্দায় যৌথভাবে খেলা দেখার বিশেষ আয়োজন করা হয়। ম্যাচ জুড়েই ছিল টানটান উত্তেজনা। কাগজে-কলমে ফেভারিট ব্রাজিলের চেনা সাম্বা আক্রমণকে যখনই মরক্কোর ডিফেন্স আটকে দিয়েছে, তখনই উল্লাসে ফেটে পড়েছে বড় পর্দার সামনে থাকা হাজারো সমর্থক। শেষ পর্যন্ত ম্যাচ ড্র হতেই শুরু হয় বাঁধ ভাঙা উদযাপন।
আরও পড়ুন:
ম্যাচ শেষের রেফারি বাঁশির ফু দেয়ার সাথে সাথেই নিউজার্সির রাস্তায় নেমে আসে মানুষের ঢল। লাল-সবুজ পতাকা হাতে নিয়ে, ঐতিহ্যবাহী ড্রাম বাজিয়ে আমেরিকায় প্রবাসী মরক্কোর নাগরিকেরা মেতে ওঠেন নাচে-গানে।
মরক্কো শিবিরে যখন উৎসবের আমেজ, ঠিক তখনই সম্পূর্ণ বিপরীত চিত্র ব্রাজিলের সমর্থকদের মাঝে। পুরো ম্যাচে চেনা ছন্দ আর নিখুঁত ফিনিশিংয়ের অভাবে ৩ পয়েন্ট না পাওয়ার হতাশা স্পষ্ট ছিল সেলেসাও ভক্তদের চোখে-মুখে।
মাঠের লড়াই শেষ হয়েছে সমতায়। তবে নিউজার্সির এই মরক্কো অধ্যুষিত এলাকার বড় পর্দার উন্মাদনা আর দুই দলের সমর্থকদের আবেগ ছুঁয়ে গেছে সাধারণ ফুটবল প্রেমীদেরও। মরক্কো শিবিরের এই ড্রয়ের উল্লাস আর ব্রাজিলের সমর্থকদের মন খারাপের গল্পই বলে দেয় বিশ্বমঞ্চে প্রতিটি পয়েন্টের মূল্য কতটা চড়া।





