তিনটি লাল কার্ডের ম্যাচে প্রথমে লিড পায় ব্রাদার্স। ম্যাচের ২৭ মিনিটে আলী রেজার গোলে এগিয়ে যায় গোপীবাগের দলটি। ১-০ ব্যবধানে পিছিয়ে থেকে প্রথমার্ধ শেষ করার পর দ্বিতীয়ার্ধের ৫৭ মিনিটে আবাহনীকে সমতায় ফেরান রবিউল।
তবে ম্যাচের ৬১ মিনিটে ঘটে অনাকাঙ্ক্ষিত ঘটনা। একটি ফাউলকে কেন্দ্র করে ব্রাদার্সের দুইজন এবং আবাহনীর একজন খেলোয়াড় লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। দুই দলই ১০ জন ও ৯ জনের দলে পরিণত হলে খেলার উত্তাপ আরও বেড়ে যায়। স্রোতের বিপরীতে ম্যাচের ৭৬ মিনিটে ব্রাদার্সের হয়ে জয়সূচক গোলটি করেন সেই আলী রেজাই।
দিনের অন্য ম্যাচেও ছিল তুমুল উত্তাপ। ফকিরেরপুল ইয়ংমেন্স ক্লাব ম্যাচের শুরুতেই সুলাইমান সিল্লাহর গোলে এগিয়ে যায়। তবে বিরতির পর দারুণভাবে ঘুরে দাঁড়ায় রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি। রহমতগঞ্জের সাজ্জাদ ও অভিষেক গোল করলে লিড হারায় ফকিরেরপুল।
৭১ মিনিটে সুলাইমান সিল্লাহ তার দ্বিতীয় গোলটি করলে ম্যাচে সমতা ফিরে আসে। তবে ম্যাচের একদম শেষ মুহূর্তে, যোগ করা সময়ে গোল করে রহমতগঞ্জকে ৩ পয়েন্ট এনে দেন ইব্রাহিমা সেনে। নাটকীয় এই ম্যাচে ৩-২ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে রহমতগঞ্জ।





