পাঁচ বছরের মধ্যে ব্যাডমিন্টনকে আন্তর্জাতিক মানে নেয়ার লক্ষ্য ক্রীড়া প্রতিমন্ত্রীর

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক | ছবি: এখন টিভি
0

ঢাকায় শুরু হয়েছে ৪০তম জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ। ছয় দিনব্যাপী এ প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন রেকর্ড ৬১৬ শাটলার। উদ্বোধনী অনুষ্ঠানে এসে আগামী পাঁচ বছরের মধ্যে ব্যাডমিন্টনকে আন্তর্জাতিক মানে উন্নীত করার লক্ষ্যের কথা জানিয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।

র‍্যাকেট-শাটলের লড়াইয়ে মুখর শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়াম। দেশের সেরা হওয়ার লক্ষ্যে কোর্টে নেমেছেন বিভিন্ন জেলা, বিভাগ, বিশ্ববিদ্যালয় ও সংস্থার শাটলাররা।

এবারের আসরে অংশ নিচ্ছে ৮৮টি দল। ৫৩৫ জন পুরুষের সঙ্গে লড়াইয়ে আছেন ৮১ জন নারী খেলোয়াড়। মোট ১০ লাখ টাকা প্রাইজমানির পাশাপাশি সেরা খেলোয়াড়ের জন্য বিশেষ পুরস্কার হিসেবে রয়েছে একটি ইলেকট্রিক বাইক।

ব্যাডমিন্টনকে শুধু ঢাকাকেন্দ্রিক কিংবা শীতকালীন খেলার গণ্ডিতে আটকে রাখতে চায় না সরকার। বরং দেশের প্রতিটি জেলা, পাড়া ও মহল্লায় সারা বছর খেলাধুলার পরিবেশ তৈরি করার লক্ষ্যের কথা জানান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেন, ‘শীতের ভিতরে সীমাবদ্ধ থাকতে চাই না। আমরা চাই যে সারা বছর প্রত্যেকটি জেলাতে জাতীয় পর্যায়ে যাতে ব্যাডমিন্টন খেলা অনুষ্ঠিত হয়। প্রত্যেকটি পাড়া, মহল্লায় সব জায়গাতে। আমরা সেই রকম একটা পরিবেশ আমরা তৈরি করতে চাই। বর্তমান সরকারের মূল লক্ষ্য, হচ্ছে আমাদের তৃণমূল পর্যায়ে বাংলাদেশের আনাচে-কানাচে পাড়া-মহল্লায় সব জায়গাতে আমরা খেলাধুলাকে ছড়িয়ে দিতে চাই।’

প্রতিটি জেলায় ব্যাডমিন্টনের আলাদা কমিটি গঠন করে নিয়মিত টুর্নামেন্ট আয়োজনের ওপরও জোর দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী। সেই সঙ্গে নতুন বছরের শুরু থেকেই নানা খেলায় ক্রীড়াবিদদের বছরব্যাপী প্রশিক্ষণ শুরুর কথাও জানান তিনি।

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেন, ‘আমরা চাই যে ব্যাডমিন্টন ফেডারেশনের প্রত্যেকটি জেলায় তাদের আলাদা কমিটি থাকবে এবং এই প্রত্যেকটি জেলাতেই আলাদা করে টুর্নামেন্ট হবে। আর সেই টুর্নামেন্টের মধ্য থেকে খেলোয়াড় তৈরি হবে, সে ব্যাডমিন্টন খেলোয়াড় হতে পারে, সে ফুটবলার হতে পারে, সে ক্রিকেটার হতে পারে, সে কারাতে খেলোয়াড় হতে পারে, সে মার্শাল আর্টের বা অ্যাথলেটিক্সের খেলোয়াড় হতে পারে। আমরা চাই সবার জন্য একটি সুন্দর পরিবেশ তৈরি করে দিতে। ’

আগামী পাঁচ বছরের মধ্যে ব্যাডমিন্টনকে আন্তর্জাতিক মানে উন্নীত করার লক্ষ্যে সবাইকে সম্মিলিতভাবে কাজের আহ্বান জানান আমিনুল হক।

এএম