এশিয়ান গেমসের মতো বড় মঞ্চে দ্বিতীয়বারের মতো অংশ নেওয়ার অপেক্ষায় বাংলাদেশ নারী ফুটবল দল। ওসাকার নাগাই স্টেডিয়ামে উত্তর কোরিয়ার মুখোমুখি হওয়ার কঠিন মিশন সামনে রেখে তৈরি মারিয়া-আফঈদারা।
ম্যাচ শুরুর আগেই রক্ষণভাগে এসেছে বড় ধাক্কা। প্রস্তুতি ম্যাচে হাঁটুতে গুরুতর চোট পেয়ে এশিয়ান গেমস থেকেই ছিটকে গেছেন নিয়মিত সেন্টারব্যাক নবীরণ খাতুন। এতে কোহাতি কিসকু ও আফঈদা খন্দকারদের নিয়ে রক্ষণভাগ নতুন করে সাজাতে হচ্ছে কোচ পিটার বাটলারকে।
শক্তি কিংবা র্যাংকিং-সব বিভাগেই উত্তর কোরিয়ার চেয়ে বেশ পিছিয়ে বাংলাদেশ। মারিয়া মান্দাদের ব্রিটিশ কোচ পিটার বাটলারও মেনে নিচ্ছেন সেই শক্ত বাস্তবতা। প্রতিপক্ষের সঙ্গে নিজেদের শক্তির পার্থক্য আর ঘরোয়া লিগের সীমাবদ্ধতার কথা মনে করিয়ে দিয়ে শিষ্যদের অযথা চাপে রাখতে চাননা ব্রিটিশ এই মাস্টার মাইন্ড।
পিটার বাটলার বলেন, ‘এ ম্যাচে আমাদের বিন্দুমাত্র জয়ের সম্ভাবনাও নেই, আমাদের বাস্তবমুখী হতে হবে। আমাদের দেশে তো মেয়েদের নিয়মিত কোনো লিগই নেই! তাই এই ম্যাচ নিয়ে বড় কোনো ফলাফলের প্রত্যাশা না করে বাস্তববাদী হওয়া জরুরি। আমাদের মূল লক্ষ্য দলের মর্যাদা ধরে রাখা এবং অভিজ্ঞতা অর্জন করা।’
এ বছরের মার্চে এএফসি উইমেন্স এশিয়া কাপে এই উত্তর কোরিয়ার মুখোমুখি হয়ে ৫-০ ব্যবধানে হেরেছিল বাংলাদেশ। সে অভিজ্ঞতার আলোকে এবার মাঠের পারফরম্যান্সের মান বাড়ানোই প্রধান লক্ষ্য লাল-সবুজের মেয়েদের।
‘এফ’ গ্রুপে বাংলাদেশের বাকি দুই প্রতিপক্ষ শক্তিশালী দক্ষিণ কোরিয়া ও মিয়ানমার। শক্তিশালী দলগুলোর বিপক্ষে ফলের চেয়ে নিজেদের শতভাগ উজাড় করে অভিজ্ঞতা অর্জনকেই এবারের আসরের মূল লক্ষ্য বানিয়েছে পিটার বাটলারের দল।





