মেসির ফেরা রাঙল না জয়ে; নাটকীয় ড্র ইন্টার মিয়ামির

মেসি আর লুইস সুয়ারেজ
মেসি আর লুইস সুয়ারেজ | ছবি: সংগৃহীত
0

বিশ্বকাপ বিরতি শেষে মাঠে ফিরে জয় পাননি লিওনেল মেসি। কাসেমিরোর আত্মঘাতী গোল ও শেষ মুহূর্তের নাটকে কলম্বাস ক্রুর সঙ্গে ড্র করেছে ইন্টার মিয়ামি। অন্যদিকে প্রীতি ম্যাচে রিয়াল মাদ্রিদে ফিরে জয় ছাড়া মাঠ ছাড়তে হয়েছে কোচ হোসে মরিনহোকেও।

বৃষ্টির কারণে ৪০ মিনিট দেরিতে শুরু হওয়া ম্যাচে প্রথমার্ধেই জমজমাট এক রোমাঞ্চ! ১৬তম মিনিটে ইয়ানিক ব্রাইটের বাড়ানো বল থেকে দারুণ দূরপাল্লার শটে মায়ামিকে এগিয়ে নেন লুইস সুয়ারেজ।

এদিন মায়ামিতে প্রথমবার লিও মেসির সতীর্থ হিসেবে মাঠে নামেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার কাসেমিরো। কিন্তু অভিষেকের স্মরণীয় রাতটাই বিষাদে রূপ নিলো তার। ৩৪তম মিনিটে প্রতিপক্ষের পাস ক্লিয়ার করতে গিয়ে নিজের জালেই বল পাঠিয়ে বসেন তিনি। কাসেমিরোর এ আত্মঘাতী গোলে মুহূর্তেই থমকে যায় গ্যালারি, ১-১ সমতায় ফেরে কলম্বাস।

নাটক অব্যাহত থাকে প্রথমার্ধের অতিরিক্ত সময়েও। সুয়ারেজের চমৎকার ক্রস থেকে দুর্দান্ত হেডে মায়ামিকে আবার এগিয়ে নেন নোয়াহ অ্যালেন। সহকারী রেফারি অফসাইডের বাঁশি বাজালেও ড্রামাটিক ভিএআর রিভিউ শেষে গোল বহাল থাকলে ২-১ ব্যবধানে এগিয়ে বিরতিতে যায় মিয়ামি।

আরও পড়ুন

দ্বিতীয়ার্ধের ৫৩তম মিনিটে আসে বহু প্রতীক্ষিত সেই মুহূর্ত। গ্যালারির গর্জনের মধ্য দিয়ে মাঠে নামেন দলটির সবচেয়ে বড় তারকা লিওনেল মেসি। বিশ্বকাপ পরবর্তী নিজের প্রথম ম্যাচেই দুটি সুবর্ণ সুযোগ তৈরি করেছিলেন তিনি, কিন্তু অল্পের জন্য পাননি জালের দেখা । উল্টো ৮৪তম মিনিটে ব্রাইস মেন্দেজের ফ্রি-কিকে নাটকীয়ভাবে ম্যাচ ২-২ সমতায় ফেরে কলম্বাস। আর ড্র নিয়ে মাঠ ছাড়তে হয় মায়ামিকে।

অন্যদিকের গল্পটাও একই রকম হোসে মরিনহোর। দ্বিতীয় মেয়াদে রিয়াল মাদ্রিদের ডাগআউটে ফিরেছিলেন দ্য স্পেশাল ওয়ান। তার প্রত্যাবর্তনটাও হয়নি রঙিন। ডিফেন্স কিংবা আক্রমণের ছন্দহীনতায় ২-২ গোলের ড্র নিয়ে মাঠ ছাড়ে রিয়াল মাদ্রিদ। মাদ্রিদকে অতীতে সাফল্য এনে দেয়া এ পর্তুগিজ মাস্টারমাইন্ডের নতুন যাত্রার শুরুটা তাই থাকলো জয়হীন।

কাসেমিরোর দুঃস্বপ্নময় অভিষেক আর মেসির ফেরার রাতে রোমাঞ্চ থাকলেও, মেসি কিংবা মরিনহো-দুই মহারথীর কারও ভাগ্যেই জুটলো না জয়ের আনন্দ।

জেআর