চাঁপাইনবাবগঞ্জে নদীতে নিখোঁজের ১ দিন পর শিশুর মরদেহ উদ্ধার

প্রতীকী ছবি
প্রতীকী ছবি | ছবি: সংগৃহীত
0

চাঁপাইনবাবগঞ্জে পদ্মার শাখা নদীতে ডুবে নিখোঁজের একদিন পর আনিকা খাতুন (১২) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছেন স্থানীয়রা। আজ (বৃহস্পতিবার, ৮ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে সদর উপজেলার নারায়ণপুর ইউনিয়নের জোহরপুর এলাকার রুবেলের ঘাটে মরদেহটি ভেসে ওঠে।

নিহত আনিকা খাতুন নারায়ণপুর ইউনিয়নের জোহরপুর এলাকার আনিকুল ইসলামের মেয়ে।

স্থানীয়রা জানান, বুধবার (৭ অক্টোবর) দুপুরে পদ্মার শাখা নদীতে কাপড় পরিষ্কার করতে গিয়ে পানিতে ডুবে নিখোঁজ হয় আনিকা। পরে স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে না পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দেন। ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে দীর্ঘ সময় তল্লাশি চালিয়েও তার সন্ধান পাননি।

পরে বৃহস্পতিবার বিকেলে নদীতে আনিকার মরদেহ ভেসে উঠলে স্থানীয়রা তা উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করেন।

সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য মো. রবু বলেন, ‘বুধবার নদীতে ডুবে নিখোঁজ হয় আনিকা। ফায়ার সার্ভিসের সদস্যরা এসে তল্লাশি চালালেও তাকে খুঁজে পাওয়া যায়নি। বৃহস্পতিবার বিকেলে মরদেহ ভেসে উঠলে স্থানীয়রা তা উদ্ধার করেন।’

চাঁপাইনবাবগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. সাঈদ হাসান শুভ বিষয়টি নিশ্চিত করেছেন।

এসএইচ